চট্টগ্রাম অফিস
কালুরঘাটে রেলওয়ে সেতু সংলগ্ন এলাকায় গতকাল শনিবার সেতু নির্মাণের দাবিতে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন শিক্ষক, আইনজীবী, শিশু সংগঠক, শিল্পী, চিকিত্সক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বাধীনতার পর চার দশক পেরিয়ে গেলেও চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার যোগাযোগ ব্যবস্থা এখনো উপেক্ষিত। নীতি নির্ধারকদের উন্নয়নের তালিকায় এই এলাকার মানুষের প্রাণের দাবি কালুরঘাট সেতু অন্তর্ভুক্ত হয়নি। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে বোয়ালখালী ও পটিয়া উপজেলার পূর্ব অংশের লাখ লাখ মানুষ বাধ্য হয়ে চলাচল করছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে শিল্পায়ন ও উন্নয়ন। দাবি আদায়ে এক মাসব্যাপী বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সঙ্গে গণসংযোগ এবং প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।
সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আব্দুল মোমিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুস্তফা নঈমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক রমেন দাশ গুপ্ত, মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।
