ব্রাজিলের বিশ্বকাপ দলের মূল্য অর্ধ-বিলিয়ন

আপডেট : ১০ মে ২০১৪, ২২:১০
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবারের আসরের জন্য ২৩ সদস্যের যে দল ঘোষণা করেছে তার আর্থিক মূল্যমান আনুমানিক ‘অর্ধ-বিলিয়ন’ ইউরো। কোচ লুই ফিলিপ স্কলারি দলটি ঘোষণার পর ব্রাজিলের অর্থনীতি বিষয়ক দৈনিক ভ্যালর গত বৃহস্পতিবার সেলেচাওদের এই মূল্যমান নির্ধারণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্লুরি কনসালটোরিয়া নামের বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের হিসেবকে ভিত্তি করে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বার্সেলোনা তারকা নেইমারের নেতৃত্বাধীন ব্রাজিলীয় দলটির আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৫১ কোটি ৪২ লাখ ৩০ হাজার ইউরো। এপ্রিলে ঘোষিত সম্ভাব্য এক দল বিচারে ব্রাজিলীয়দের মূল্য ধরা হয়েছিল ৪৭ কোটি দুই লাখ ইউরো। এটি ছিল বর্তমান চ্যাম্পিয়ন স্পেন দলের মূল্যমান ৪৮ কোটি ৬৯ লাখ ইউরো এবং আর্জেন্টিনার ৪৭ কোটি ৪১ লাখ ইউরোর চাইতে কম। আর্জেন্টিনা স্ট্রাইকার লিওনেল মেসিকে ১২ জুন থেকে ১৩ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপটির প্রাক্কালে এপ্রিলে অনুমিত ওই হিসেব অনুযায়ী সবচাইতে দামি খেলোয়াড় ধরা হয়েছিল। বার্সেলোনা তারকা মেসির মূল্য ধরা হয় ১৩ কোটি ৮১ লাখ ইউরো। ১০ কোটি ৭৩ লাখ ইউরো নিয়ে মেসির পেছনে ছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রাজিলীয় সুপার স্টার নেইমার সেই তুলনায় বেশ পিছিয়ে আছেন। তার বাজার মূল্য নির্ধারিত হয়েছে ৬ কোটি ৭৪ লাখ ইউরো। বায়ার্ন মিউনিখের জার্মান ফরোয়ার্ড ম্যারিও গোয়েতজের বাজার মূল্য নির্ধারিত হয়েছে নেইমারের পরের অবস্থানে (৫ কোটি ৯৭ লাখ ইউরো)। ব্রাজিলের গণমাধ্যম অবশ্য স্কলারির ঘোষিত দলে বড় ধরনের কোন বিস্ময় দেখতে না পেয়ে কিঞ্চিত দমে গেছে। তারা আশা করেছিল সাবেক বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব পাওয়া কাকা ও রোনাল্ডিনহোকে বিশ্বকাপের দলে দেখা যাবে। মিলান তারকা রবিনহোও মন ভেজাতে পারেননি ব্রাজিলীয় কোচের। স্কলারির দলটি মূলত তরুণদের নিয়েই গড়া। এতে গেল বিশ্বকাপের আছেন কেবল ছয়জন। তারপরও ২০০২ বিশ্বকাপে রোনাল্ডো, রিভাল্ডো ও রোনাল্ডিনহোদের নিয়ে জেতা বিশ্বকাপটির সদস্যদের গড় বয়সের (২৬.৭) চাইতে বর্তমানটি বেশি (২৮.৪)। তবে এবারের দলটি নিজ মাঠে ইতোমধ্যেই সাফল্য দেখিয়েছে। কেননা গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট কনফেডারেশন কাপে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া দলটির ১৭ জন আছেন বিশ্বকাপগামী দলে। আরো এক দিক দিয়ে ব্রাজিলের সদ্য ঘোষিত দলটি অভিজ্ঞ। কেননা ফার্নান্দিনহো যদি আজ রবিবার ম্যানচেষ্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জিততে পারেন সেক্ষেত্রে এ দলটিতে আছেন ১১টি দেশে লিগ শিরোপা জয়ের অভিজ্ঞতাধারী খেলোয়াড়।-বাসস/এএফপি/ইন্ডিয়াডটকম