ব্যাটিং কোচ হলেন লংকান সামারাবীরা

আপডেট : ১০ মে ২০১৪, ২২:১২
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট ক্লাব ক্যাইসি সাউথ মেলবোর্ন ক্লাব শ্রীলংকার সাবেক ক্রিকেটার থিলান সামারাবীরাকে তাদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। টেস্টে ৪৮.৭৬ ব্যাটিং গড়ে ১৪ টি সেঞ্চুরি করা সামারাবীরা গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ক্লাবের প্রধান কোচ ক্রিস হল নিউজ কর্পোরেশন অস্ট্রেলিয়াকে বলেন, শ্রীলংকান তারকাকে তিনি কোচের সঙ্গে খেলোয়াড় হিসেবেও দেখতে চান। কিন্তু সামারাবীরা খেলতে আগ্রহী নন। এ ব্যাপারে কোচটি বলেন, ‘এই মুহূর্তে তিনি খেলতে চান না বলে জানিয়েছেন। তবে একবার যেহেতু ক্রিকেটই তার জীবনে পরিণত হয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ে ১২ বছর খেলেছে, অবসর নিয়েছে মাত্র ১৮ মাস আগে তাই সে হয়তোবা নিজের দক্ষতা প্রমাণে রাজি হতে পারে। আমরা তেমনটাই আশা করছি।’ স্থানীয় ড্যানডেনং এন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশনের টি-২০ টুর্নামেন্টের জন্য গত বছর বারউইক ক্রিকেট ক্লাব সামারাবীরার সঙ্গে চুক্তি করে। সে টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচেই ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরিসহ ৪৫ বলে ৯১ রান করেন। বিদায়ী ম্যাচ খেলার সুযোগ ফিরিয়ে দিয়ে ২০১৩ সালের মার্চ মাসে অবসর ঘোষণা করেন সামারাবীরা।