শিরোপার এক পয়েন্ট দূরত্বে সিটি

আপডেট : ১০ মে ২০১৪, ২২:১৩
নাটকীয় এক প্রিমিয়ার লিগ মৌসুমের সমাপ্তি ঘটতে চলেছে আজ রবিবার যাতে দৃশ্যত লিভারপুলকে হঠিয়ে শিরোপা জিততে চলেছে ম্যানচেষ্টার সিটি। কোচ ম্যানুয়েল পেলিগ্রিনির সিটি নিজ মাঠে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ড্র কিংবা জয়ী হলেই তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে। সে তুলনায় লিভারপুলের কাজটি কঠিন। কেননা ১৯৯০ সালের পর প্রথম শিরোপা জিততে হলে আজ তাদের যেমন নিউক্যাসলের বিরুদ্ধে জয়ের পাশাপাশি আশায় থাকতে হবে যেন সিটি পরাস্ত হয়। লিগের শেষ রাউন্ডের খেলাগুলোর প্রাক্কালে ম্যানচেষ্টার সিটি ৩৭ খেলা শেষে ৮৩ ও সমানসংখ্যক খেলায় দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল আছে ৮১ পয়েন্টে। মজার ব্যাপার হলো সিটি চলতি মৌসুমে কেবল ১৪ দিন পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। সে তুলনায় লিভারপুল ছিল ৫৯ দিন। সবচেয়ে বেশি ১২৮ দিন শীর্ষে থাকা আর্সেনাল অবশ্য চতুর্থ স্থান নিয়েই শেষ করতে যাচ্ছে লিগটি। সে তুলনায় ৬৪ দিন শীর্ষে থাকা চেলসি পেতে যাচ্ছে তৃতীয় স্থান। গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার ইউনাইটেড এবার কতটা দুর্দশায় ছিল তা বোঝা যায় দলটির কেবল দুই দিন শীর্ষে থাকার পরিসংখ্যান দেখে। লিভারপুলের জন্য অনেকেই বেদনাহত হবেন। কেননা কোচ ব্রেন্ডন রজার্সের দলটি গেল মৌসুমে চ্যাম্পিয়ন ইউনাইটেডের চাইতে ২৮ পয়েন্টে পিছিয়ে থেকে যেখানে সপ্তম হয়েছিল এবার সপ্তাহ দুই আগেও তারাই ছিল শিরোপা জয়ে জোর ফেবারিট। টানা ১১টি খেলায় জিতে দলটি শীর্ষে থাকলেও নিজ মাঠে চেলসির কাছে হেরেই তারা সিটিকে উঠে আসার সুযোগ করে দেয়। পরে ক্রিস্টাল প্যালেসের মাঠে তিন গোলে এগিয়ে থাকার পরও ৩-৩ ব্যবধানের ড্রয়ে বাধ্য হয়ে দলটি শিরোপা লড়াই থেকে একরকম ছিটকেই যায়। তারপরও অবশ্য রজার্স তার দলকে নিয়ে গর্বিত। তিনি এমনকি লিভারপুলের শিরোপা জয়ের স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি বলেও মন্তব্য করেন। লিভারপুলে ইকোকে তিনি এ প্রসঙ্গে বলেন,‘আমরা অবশ্যই এটি ছুঁড়ে ফেলেছি এমনটা মনে করি না। আমরা জানতাম ব্যাপারটা সবসময়েই কঠিন ছিল। চূড়ান্ত ধাপটা পার হওয়া সবসময়েই কঠিন। চেলসির খেলাটিতে আমরা একটা ভুল করি, একটা পিছলে পড়ার ঘটনা। সেটা যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে। আমরা শুধু একটা গোলের রাস্তা বের করতে পারিনি এবং সেই ব্যাপারটা ঘটে। আমরা যদি রবিবার জিতে লিগ শিরোপা নাও পাই কিন্তু দ্বিতীয় হই, তার মানে হলো আমরা বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচাইতে ব্যয়বহুল ও ধনী ক্লাবটির পরই দ্বিতীয় হবো।’ সিটি কোচ পেলিগ্রিনি প্রিমিয়ারশিপে তার প্রথম মৌসুমে দ্বিতীয় শিরোপার কাছাকাছি এসে দাঁড়িয়েছেন। চিলিয়ান এই কোচ এর আগে লিগ কাপ জেতেন। আসন্ন শিরোপার হাতছানির মধ্যে তিনি বলেন, ‘আমি জিতবো আশা করছি। আমরা এক পয়েন্টের কথা ভাবছি না বরং ম্যাচ জয়ের কথা ভাবছি। এ ব্যাপারে সবচেয়ে ভাল হলো সবসময় যেভাবে জিতেছি সেভাবেই খেলা। এদিকে চেলসি আজ কার্ডিফের মাঠে এবং আর্সেনাল নরউইচে খেলতে যাবে। ম্যানচেষ্টার ইউনাইটেডের খেলা পড়েছে সাউদাম্পটনের মাঠে। বাসস/এএফপি