মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
মেলান্দহে শনিবার ভোররাতে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জহুরুল ইসলাম (৪৮)। তিনি উপজেলার রান্ধুনীগাছা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
এসআই তোফায়েল আহমেদ জানান, উপজেলার চরপলিশা উত্তরপাড়ার সাদেক আলীর বাড়ি সংলগ্ন ব্রিজের পাশে রাস্তার উপর থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় পাওয়া যায়। নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র এবং লাঠির আঘাতের ফোলা জখমের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের বড় ছেলে মমিনুর জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। থানার ওসি রেজাউল করিম জানান, তদন্তেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
