সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:৫০

 

কৃষকের বসতবাড়িসহ

সর্বস্ব পুড়ে ছাই

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা তাড়াশে শুক্রবার রাতে আগুনে এক কৃষকের বসতবাড়ি, দুটি গরু, চারটি ছাগল, ৫০টি হাঁস-মুরগি ও ৮০ মণ ধানসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বারুহাস ইউপির লাউশন গ্রামে। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বারুহাস ইউপির লাউশন গ্রামের কৃষক আব্দুল মোন্নাফের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কৃষকের বসতঘরসহ সমস্ত বাড়িতে ছড়িয়ে পরে।

নারীর প্রতি সহিংসতা এবং শিশু ধর্ষণ প্রতিরোধে সভা

নেত্রকোনা প্রতিনিধি দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা এবং শিশু ধর্ষণ প্রতিরোধে জেলা ভিত্তিক কর্মসূচি প্রণয়নে শনিবার নেত্রকোনায় ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও  রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সমাজের সকল শ্রেণি পেশার ব্যক্তিদের নিয়ে এ সভা নেত্রকোনা জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।  নেত্রকোনার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিষয়বস্তুর উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে নেত্রকোনায় নারী ও শিশুর প্রতি নির্যাতন ও  ধর্ষণ বন্ধ করার কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ। 

চলন্ত ট্রেনে ঢিল ছোড়া সংক্রান্ত সচেতনতামূলক সভা

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে থানার উদ্যোগে শনিবার চলন্ত ট্রেনে ঢিল ছোড়া সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। থানার ওসি আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে ও এসআই আসিফুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আ. খালেক আকন্দ, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা এম শফিকুল ইসলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।

আইলা দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি সর্বগ্রাসী আইলার ১০ বছর পূর্তি উপলক্ষে শনিবার সাতক্ষীরায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ২০০৯ সালের ২৫ মে সর্বনাশা আইলার আঘাতে লণ্ড ভণ্ড হয় সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জনপদ। শ্যামনগর উপজেলার নকিপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিষদের সভাপতি অধ্যাপক নাজিবুর রহমানের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। আরো বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সাজ্জাদুর রহমান প্রমুখ।

জীববৈচিত্র্য সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে জীববৈচিত্র সংরক্ষণে সামাজিক সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ শনিবার অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর শহরের কুন্দল বিলের পাড়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু সাইদ রাশেদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জলাশয় সংস্কারের মাধ্যমে মত্স্য উত্পাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক আলিম উজ জামান, রংপুর মত্স্য উন্নয়ন কমসূচির পরিচালক আতাউর রহমান প্রমুখ।

কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা সরকার নির্ধারিত ১০৪০ টাকা মণ দরে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয় এবং ঈদের আগেই ফরিদপুর চিনিকলের আখচাষিদের বকেয়া টাকা পরিশোধসহ কৃষক সমিতির ১২ দফা আদায়ের দাবিতে শনিবার বিশাল পদযাত্রা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক সমিতির উদ্যোগে মধুখালী রেলগেট থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ পদযাত্রা ও গণমিছিল বের করা হয়। সমাবেশে উপজেলা সহ-সভাপতি মো. সোহরাব সেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার, কৃষক নেতা খলিলুর রহমান প্রমুখ।