যেসব মানদণ্ডের ওপর নির্ভর করে একটি শহরকে বাসযোগ্য হিসেবে ধরা যায়, ঢাকা শহরে তার সবকিছুরই ঘাটতি রয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞসহ বিশিষ্টজন। তারা মনে করেন, যানজট, জলাবদ্ধতা, ঝুঁকিপূর্ণ বাসস্থান, অপ্রতুল নাগরিক সেবা, বিশুদ্ধ পানির সংকট, বায়ু দূষণ, খোলা গণপরিসরের অভাবসহ রাজধানীতে নানা সংকট বিদ্যমান। কাজেই ঢাকা শহর কোনো মানদণ্ডেই বাসযোগ্য শহর না।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘কতটা বাসযোগ্য ঢাকা মহানগরী’ শীর্ষক নগর সংলাপে বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন। নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানাসের (বিআইপি) সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান। সংগঠনের সভাপতি অমিতোষ পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিন আব্দুল্লাহর সঞ্চালনায় আরো বক্তব্য দেন নগর পরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দিন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী আব্দুল লতিফ হেলালী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম প্রমুখ।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মশার গান এবং যানজট আমার খুবই অপছন্দের। এ কারণেই হয়তো সৃষ্টিকর্তা আমাকে মেয়র করেছেন। রাজধানীর বিদ্যমান এসব সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এর পাশাপাশি শহরের জলাবদ্ধতা নিরসন, ফুটপাত ও খাল দখলমুক্ত করা, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোসহ বহুমুখী কার্যক্রম গ্রহণ করে বাস্তবায়ন শুরু হয়েছে। ধীরে ধীরে নগরবাসী এর সুফল পাবে।’
মূল প্রবন্ধে ড. আদিল মুহাম্মদ খান বলেন, একটি শহরের বাসযোগ্যতার মানদণ্ড যদি ১০০ পয়েন্ট হয়, তাহলে ঢাকা শহরে আছে ৩৮। এই সমস্যা থেকে উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে পরিকল্পিত নগর বিনির্মাণের ভিশনের অভাব, নগর পরিকল্পনা অনুপস্থিতি, ঢাকাকে ঘিরে কেন্দ্রীভূত উন্নয়ন প্রবণতা, দুর্বল উন্নয়ন নিয়ন্ত্রণ কার্যক্রম, পরিকল্পনা প্রণয়নে পরিকল্পনাবিদদের সুযোগের অভাব, সমন্বয়হীনতাসহ প্রভৃতি সমস্যা রয়েছে।
ড. সালেহ উদ্দিন বলেন, ঢাকা শহরে যেভাবে যানজট সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে, সেখানেও ত্রুটি রয়েছে। এভাবে যানজট সমস্যার সমাধান হবে না। এক বর্গকিলোমিটার এলাকায় যখন ৪০ হাজার মানুষ বসবাস করে, তখন সেখানে পরিকল্পিত রাস্তাঘাট, খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যায় না। এ জন্যই বিশ্বের অনেক দেশের রাজধানী স্থানান্তর হয়েছে। বাংলাদেশে সেটা না করে সব কিছু ঢাকার মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এর আগে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের উদ্যোগে একটি র্যালি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে সচিবালয়ের সামনে প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবে শেষ হয়।
