তিন স্থানে তিন খুন

আপডেট : ১১ মে ২০১৪, ২১:৪৯
বিভিন্নস্থানে গতকাল রবিবার তিনজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতারা। ভাণ্ডারিয়া (পিরোজপুর) ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি বাজার এলাকায় শনিবার রাত ২টায় আ. রশিদ খান (৫০) নামে বাজারের এক পাহারাদার নিহত ও তিনজন দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, শামসুল হক হাওলাদারের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০/ ১২ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে শামসুল হক ও তার দুই ছেলে শাহাদাত ও সরোয়ারকে আহত করে। এতে শাহাদাতের ডান হাত, পা, সরোয়ারের হাত পা কুপিয়ে বিচ্ছিন্ন ও শামসুল হকের শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তাদের চিত্কারে বাজারের পাহাড়াদার আব্দুর রশিদ খান এগিয়ে এলে তাকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের প্রথমে ভাণ্ডারিয়া হাসপাতালে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সকালে পিরোজপুর পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান ও সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ সার্কেল মঠবাড়ীয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এ হত্যাকাণ্ডের পর ইকড়ি বাজারের দোকান-পাট বন্ধ রয়েছে। ভাণ্ডারিয়া থানার ওসি মতিউর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য সুবেদ বৈরাগী নামের একজনকে আটক করা হয়েছে। কলমাকান্দা (নেত্রকোনা) কলমাকান্দা উপজেলার বড়খাপন গ্রামে গতকাল রবিবার সকালে কথা কাটাকাটির জের ধরে জজ মিয়া (৪৩) নামে এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন। ইউপি চেয়ারম্যান হাদিছুজ্জামান হাদিছ জানান, বড়খাপন গ্রামের আ. রাশিদ ও রুবেল মিয়ার মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। এক পর্যায়ে জজ মিয়া ও আ. রাশিদ গংরা জজ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া রাজেন, টিটু আহত হয়ে কলমাকান্দা সদর হাসপাতালে চিকিত্সাধীন। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সোনারগাঁও থানার সামনের পাকা ঘাট থেকে গতকাল রবিবার সকালে মো. তোতা মিয়া (৩৫) নামে এক জমি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁও থানার পাকাঘাটের উপরে জমি ব্যবসায়ীর লাশ পড়ে ছিল। নিহতের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্ত্রী লিলি আক্তার জানান, গত শনিবার দুপুরে তার স্বামী তোতা মিয়া জমি বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকার কয়েকজন ব্যক্তিকে এলাকায় জমি দেখাবে বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ। এই ঘটনার পর গতকাল রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জীবন কান্তি সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন । সোনারগাঁও থানার ওসি মো. রিজাউল হক জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী লিলি আক্তার বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।