প্রয়োজনে চালকের ডোপ টেস্ট করান

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:৫৩

পরিবহন মালিকদের উদ্দেশে

ডিএমপি কমিশনার

বিশেষ প্রতিনিধি

মাদকাসক্ত কোনো চালক বা সহকারীর হাতে গাড়ি তুলে দেবেন না। কোনো চালককে বা তার সহকারীকে দেখে মাদকাসক্ত মনে হলে ডোপ টেস্ট করাতে বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। গতকাল শনিবার দুপরে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে এবং ট্রাফিক উত্তর বিভাগের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডিএমপি কমিশনার বলেন, সরকারের পক্ষ থেকে যে ভাড়া নির্ধারিত করে দেওয়া হয়েছে, এর বেশি যাত্রীদের কাছ থেকে নেওয়া যাবে না। আর যদি কেউ এটি অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মফিজ উদ্দিন আহম্মেদ, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোসলেহ উদ্দিন আহমদ, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি হাজী আবুল কালামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।