শপিং ট্যুর

আপডেট : ১২ মে ২০১৪, ১৯:৫৬
আজকাল দেখা যায় অনেকেই দেশের বাইরে গিয়ে শপিং করতে পছন্দ করেন। বিশেষ করে ঈদের সময়গুলোতে। এতে একদিকে যেমন বেড়ানোও হয়, পাশাপাশি শপিংয়ের কাজটাও সেরে ফেলা যায়। তবে অচেনা জায়গা বলে অনেকেই তাদের মনমতো শপিংটি সারতে পারেন না। অনেকে আবার দামদরের ব্যাপারে পিছিয়ে পড়েন। আর তাই আমাদের এ আয়োজন বিদেশে শপিং টিপস নিয়ে—  শপিং ট্যুরে যাওয়ার জন্য কোনো ট্র্যাভেল এজেন্সির সাহায্য নিতে পারেন। সে ক্ষেত্রে ট্যুর বাজেট তৈরির ক্ষেত্রে এজেন্সি আপনাকে সাহায্য করবে।  যে দেশে যাচ্ছেন তার সঙ্গে বাংলাদেশি মুদ্রার এক্সচেঞ্জ রেট কত, তা অবশ্যই জেনে নিন।  ট্র্যাভেল এজেন্সির সাহায্য না নিলে অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে পরামর্শ করে বাজেট এবং শপিং প্লেস সম্পর্কে তথ্য জেনে নিন।  শপিং ট্যুরে গিয়ে কী ধরনের জিনিস কিনবেন তার লিস্ট তৈরি করে ফেলুন আগে থেকেই। এর জন্য কোথায় থেকে কী কী জিনিস কিনলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, সে সম্পর্কে সঠিক তথ্য জেনে নিতে হবে।  কোন শপিংমলে দামাদামি করতে পারবেন তা আগে থেকে জেনে নিতে পারলে সবচেয়ে ভালো। সে সুযোগ না থাকলে শপিংমলে পৌঁছে পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করুন।  অনেক সময় দেখা যায় বিদেশে গিয়ে আমরা কিছু জিনিস এমন কিনে ফেলি যেগুলো একটু খুঁজলে হয়তো আমাদের দেশেও পাওয়া যাবে, তাই এই ক্ষেত্রে একটু সৌখিনতার পরিচয় দেখানো যেতে পারে।  ঘোরাঘুরি এবং শপিং করে ক্লান্ত হয়ে পড়লে ফুট ম্যাসাজ করে রিফ্রেশ হয়ে নিতে পারেন।  একদিকে যেমন স্ট্রিট শপ থেকে জমিয়ে শপিং করতে পারেন, তেমনই জায়ান্ট শপিংমল বা বুটিকেও খুঁজে পেতে পারেন আপনার মনের মতো জিনিস।  বড় শপিংমলগুলোতে গেলে ইলেকট্রনিক সামগ্রীতে চোখ রাখুন অবশ্যই। তবে এক্ষেত্রে সঠিকভাবে দরদামের মাধ্যমে কেনাকাটা করতে না পারলে ঠকতে পারেন অনেকেই।  সবক্ষেত্রে অবশ্যই পণ্য কেনার সময় পণ্যের গুণগত মান ও প্রচলিত বাজারদরের প্রতি লক্ষ রাখুন।