আজ বাসাইলবাসীর আতংকের সেই দিন

আপডেট : ১২ মে ২০১৪, ২২:২৪
আকাশের উত্তর-পশ্চিম কোণে মেঘ দেখলেই বাসাইল উপজেলার কয়েকটি গ্রামের মানুষ আঁতকে ওঠেন। ১৯৯৬ সালের এদিনে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর, হান্দুলি, কোমারজানী, রাসড়া, সৈদামপুর, পৌলী, বর্ণীকিশোরী, কলিয়া, কাউলজানী ও বাসাইল উত্তর পাড়ায় টর্নেডোতে ৩৩৭ জন মানুষের প্রাণহানি, ১০ সহস্রাধিক আহত ও ২০টি গবাদিপশুর মৃত্যু এবং কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। প্রায় তিন কোটি টাকার ফসলের ক্ষতি হয়। বাতাসের প্রচণ্ড ঘূর্ণিপাকে মিরিকপুর গঙ্গাচরণ তফসীল উচ্চ বিদ্যালয়টি সমপূর্ণ বিধ্বস্ত হয়ে অর্ধ-শতাধিক শিক্ষার্থীর মৃত্যু হয়। সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যায় অনেকে। আহতদের মধ্যে এখনো অনেকে স্বাভাবিকভাবে চলাফেরা বা কাজকর্ম করতে পারে না। তারা দুর্বিষহ জীবন যাপন করছে। এ দিবস উপলক্ষে বাসাইল সদর ও মিরিকপুর গঙ্গাচরণ তফসীল উচ্চ বিদ্যালয়ে কাঙালি ভোজ, দোয়া মাহফিল ও গীতা পাঠ এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।