অন্তর্বর্তীকালীন কোচ সারওয়ার ইমরান!

আপডেট : ১২ মে ২০১৪, ২২:২৫
রোজই নতুন কারো না কারো নাম আসছে। বাস্তবতা থাকুক আর না-ই থাকুক, ডেভ হোয়াটমোর বা জেমি সিডন্স থেকে শুরু করে ম্যাথু মট বা মাইক ভেলেটার নামও উড়ছে বাতাসে। দক্ষিণ আফ্রিকা, ভারতকে ‘না’ বলে দেয়া গ্যারি কার্স্টেনের নামও ভাবছেন কেউ কেউ। মানে অনুমান আর গুঞ্জনের কোনো শেষ নেই। শেষ পর্যন্ত এদের কেউ বা এদের বাইরে থেকে কেউ বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাবেন। কে পাবেন, সে ব্যাপারে টু-শব্দটি করতে রাজি নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেউ। তবে গতকাল বোর্ডের মিডিয়া কমিটির পরিচালক জালাল ইউনুস একটা ব্যাপার নিশ্চিত করে দিলেন যে, ভারতের বাংলাদেশ সফরের আগে স্থায়ী কোচ পাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। ফলে স্থানীয় কোনো একজন কোচকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেবেন তারা। যদিও জালাল ইউনুস সেই স্থানীয় কোচের নাম বলতে রাজি হলেন না। বললেন, অনেকেই আছেন সম্ভাবনার তালিকায়। তবে বিসিবির অন্য একটি সূত্র থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গেল, আবারও এই ‘ক্রাইসিস ম্যান’ হিসেবে দায়িত্ব সামলাতে হবে বাংলাদেশের অভিষেক টেস্টের কোচ সারওয়ার ইমরানকে। শেন জার্গেনসেনকে ভারতের বিপক্ষে সিরিজ পর্যন্ত রেখে দেয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর বিসিবির কোচ অনুসন্ধান কমিটি উঠে-পড়ে লেগেছে নতুন বিদেশি কোচ খুঁজে বের করতে। গতকাল কমিটির অন্যতম সদস্য জালাল ইউনুস নিশ্চিত করেছেন, তারা নতুন কোচ পাওয়ার ব্যাপারে পরিষ্কার কিছু অগ্রগতি ঘটাতে পেরেছেন। বিস্তৃত এবং বিশৃঙ্খল আলোচনা গুটিয়ে তারা এখন তিন জন সম্ভাব্য কোচের এক সংক্ষিপ্ত তালিকা ধরে কাজ করছেন বলেও বললেন এই সংগঠক। তিনি বলেন, ‘বিদেশি প্রধান কোচ নিয়োগের ব্যাপারে আমরা অনেকটাই এগিয়েছি। তবে ভারতের বিপক্ষে সিরিজের আগে কাউকে পাওয়াটা কার্যত অসম্ভব এখন। আমরা এখন তিন জন কোচের সংক্ষিপ্ত একটা তালিকা ধরে কাজ করছি। আশা করছি, মে মাসের মধ্যেই নামটা চূড়ান্ত করে ফেলতে পারবো। তবে ভারতের বিপক্ষে সিরিজে যে স্থানীয় কাউকে দায়িত্ব পালন করতে হবে, সেটা নিশ্চিত।’ এই স্থানীয় কোচ কে হতে পারেন, সেটা বলতে চাইলেন না জালাল ইউনুস। সারওয়ার ইমরানের নাম প্রশ্ন হিসেবে এলেও তিনি এড়িয়ে যেতে চাইলেন, ‘সারওয়ার ছাড়াও তো কয়েক জন আছেন বিবেচনার জন্য।’ একইভাবে বিদেশি কোচদের সংক্ষিপ্ত তালিকায় কারা আছেন, সেটাও এড়িয়ে যেতে চাইলেন জালাল। তবে একটা ব্যাপার পরিষ্কার করে দিলেন, হোয়াটমোর, সিডন্স বা শন উইলিয়ামসের ফেরার সম্ভাবনা নেই, ‘পুরোনো অনেকে আগ্রহ দেখিয়েছেন। তবে আমরা নতুন কাউকে খুঁজছি।’ যদিও হোয়াটমোর নিজেও আগ্রহী হওয়ার কারণ বোঝা কষ্ট। কারণ, তিনি ইতিমধ্যে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত আইসিসির সঙ্গে চুক্তি করে ফেলেছেন। তবে নতুন সেই কোচ যেই হোন না কেন, তার পাশাপাশিই বাংলাদেশ বোলিং কোচ ও কন্ডিশনিং কোচ নিয়োগ দেবে। একই সঙ্গে স্থানীয় কোচদের ভেতর থেকে ফিল্ডিং কোচ নিয়োগ দেয়া হবে। এর বাইরে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ, স্পিন কোচও বিভিন্ন পর্যায়ে দলের সঙ্গে অন্তর্ভুক্ত হবেন বলে বললেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘হেড কোচের পাশাপাশি আমরা বোলিং কোচ এবং কন্ডিশনিং কোচ নিয়োগ দেব। ফিল্ডিং কোচ হিসেবে স্থানীয় কাউকে নেয়া হবে। এর পাশাপাশি স্পিন কোচ, ফিল্ডিং কোচ ও ব্যাটিং কোচ হিসেবে ২০১৫ বিশ্বকাপ সামনে রেখে বিশেষজ্ঞদের নিয়োগ দেয়া হবে।’