তালায় কপোতাক্ষ খননে দুর্নীতি টাস্কফোর্স গঠনের দাবি

আপডেট : ১২ মে ২০১৪, ২২:২৬
সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদ খনন প্রকল্পে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে কাজ তদারকির জন্য উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের দাবি উঠেছে। আর এ লুটপাটের সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা সরাসরি জড়িত বলে জানা গেছে। এসব অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুত্ফুল্লাহ এবং খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। এর আগে কেন্দ্রীয় পানি কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন এবং কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুত্ফুল্লাহ বলেন, ২৬২ কোটি টাকা ব্যয়ে কপোতাক্ষ নদ খনন প্রকল্প স্কেভেটর মেশিন দিয়ে যেভাবে বাস্তবায়ন করা হচ্ছে তাতে মানুষের ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। এ কাজকে ‘নদী মেরে খাল খনন’ বলে আখ্যায়িত করেন তিনি। তিনি আরও বলেন, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও শ্রমিকদের অংশগ্রহণে সমন্বিতভাবে খনন কাজ করার কথা ছিল। তা করা হয়নি। তালাতে কাজ হলেও প্রকল্প অফিস স্থাপন করা হয়েছে যশোরের কেশবপুরে। সব মিলিয়ে নদী খনন প্রকল্প নিয়ে সরকারকে হেয় করার গভীর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন সংসদ সদস্য। কপোতাক্ষ নদ খনন প্রকল্পে অনিয়মের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পে ব্যাপক লুটপাট ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আওয়ামী লীগের ৪ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল রবিবার সকালে সাতক্ষীরার তালা ডাকবাংলোয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, তালা উপজেলা যুবলীগের সভাপতি মীর জাকির হোসেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রায় ২ত্৬২ কোটি টাকা ব্যয়ে কপোতাক্ষ নদ খনন প্রকল্প স্কেভেটর মেশিন দিয়ে যেভাবে বাস্তবায়ন করা হচ্ছে তাতে মানুষের ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। এ কাজকে ইতিমধ্যে ‘নদী মেরে খাল খনন’ বলে আখ্যায়িত করেছেন স্থানীয় সংসদ সদস্যও।