গতকাল সোমবার দুপুরে শিক্ষক সংকট নিরসন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দাবিতে জেলার লামা উপজেলায় লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউএনও কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একই স্থানে অবস্থান ধর্মঘট কর্মসূচিও পালন করেন। পরে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবরিনা, আলাউদ্দিন ভুঁইয়া ও নাবিলা’সহ দশম শ্রেণির শিক্ষার্থীরা। তারা বলেন, আগামী ১৭ দিনের মধ্যে বিদ্যালয়ের বিষয় ভিত্তিক শিক্ষক সংকট নিরসন করতে হবে। মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
বিদ্যালয় সূত্র জানায়, লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮৫০ জন শিক্ষার্থীর জন্য কাগজে-কলমে ২৫ জন শিক্ষক থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৯ জন শিক্ষক। গণিত, ইংরেজী, ভৌত বিজ্ঞান, জীব বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, ভূগোল এবং কৃষি শিক্ষা বিষয়ে কোন শিক্ষক নেই। উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ের এহেন অবস্থায় শিক্ষার্থী এবং অভিভাবকরা ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন নিয়ে উত্কণ্ঠায় রয়েছেন।
