পৃথক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট : ১২ মে ২০১৪, ২২:২৬
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। ভাঙ্গুড়ায় শিশু নিহত পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান-বিএলবাড়ি সড়কে করিমনের চাপায় গতকাল সোমবার নাহিদ (৬) নামে এক শিশু মারা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের সাথে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে বিএলবাড়ি বাজারে নামার সাথে সাথে করিমন চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ঘাতক করিমন চালক সিদ্দিককে আটক করেছে। গোবিন্দগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার গাইবান্ধার গোবিন্দগঞ্জের মীরুপাড়া গ্রামে গতকাল সোমবার সোনামই নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও নিহত গৃহবধূর পিতা ওসিমদ্দীন জানান, পারিবারিক কলহের জের ধরে সোনামইকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখে। থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন, তার মৃত্যুটি রহস্যজনক। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। মিঠাপুকুরে ট্রলি চাপায় ছাত্র নিহত মিঠাপুকুরের বলদীপুকুর এলাকায় গতকাল সোমবার ট্রলি চাপায় শাফিউল (১০) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্র। এ ঘটনায় ট্রলি চালকের স্ত্রী পারভীনকে পুলিশ আটক করেছে। মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নান্দাইলে শিশু নিহত নান্দাইল উপজেলার চন্ডীপাশা এলাকায় গত রবিবার রাতে ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় দীপ্ত ভদ্র (৫) নামে এক শিশু মারা গেছে। দুর্ঘটনায় গুরুতর আহত দীপ্তকে প্রথমে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাতে মারা যায়। কুড়িগ্রামে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলমতি গ্রামে গতকাল সোমবার গাছ থেকে পড়ে করিম আলী (৫২) নামে এক ব্যক্তি মারা গেছে। জ্বালানি কাঠ সংগ্রহ করতে গাছে ওঠে করিম। কাঠ সংগ্রহের এক পর্যায়ে গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে তিনি গুরুতর আহত হয়। কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।