ভারতের চব্বিশ পরগোনা জেলায় গতকাল সোমবার লোকসভা নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামীকালও আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট কাস্টম কার্গো অফিসার ড. সিরাজুল ইসলাম। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, লোকসভা নির্বাচন ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম চলবে।
