বিভিন্ন স্থানে বজ্রপাতে আটজন নিহত

আপডেট : ১২ মে ২০১৪, ২২:২৮
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন স্থানে বজ্রপাতে আটজন মারা যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতারা। চাঁপাইনবাবগঞ্জে চারজন নিহত চাঁপাইনবাবগঞ্জ জেলায় রবিবার রাতে ঝড়ের সময় বজ্রপাতে এক নারীসহ চারজন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন: শিবগঞ্জ উপজেলার ঢোড়বোনা গ্রামের নবম শ্রেণির ছাত্র বাবু (১৫), রাজিয়া সুলতানা (১০) ও রেজিনা (৩০) এবং ফাতেমা বেগম (৫০)। আহত বাবুকে রানিহাটি বাজারে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সুনামগঞ্জে মা-শিশুসহ তিনজনের মৃত্যু সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আমড়াগড়া গ্রামে গতকাল সোমবার সকালে বজ্রপাতে শিশুসহ তিনজন মারা গেছেন। নিহতরা হলেন: মা পারভীন বেগম (২২) ও শিশুপুত্র আরফান (২) এবং নাজমা বেগম (৩০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আমড়াগড়া গ্রামের আনোয়ার হোসেনের দুই বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে বাড়ির উঠোনে খেলছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বজ্রপাতে মা ও পুত্রের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর গ্রামে উঠানে কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূ নাজমা বেগমের মৃত্যু হয়। নাচোলে একজন নিহত নাচোল উপজেলার খলসি গ্রামে গত রবিবার রাত ৯টায় বজ্রপাতে মোসা. ফাতেমা বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন। ঝড়ের সময় তিনি বাড়ির পাশে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান। সালথায় ছয়টি বসতঘর ও ২টি গরু ভস্মীভূত সালথা (ফরিদপুর) সংবাদদাতা জানান, সালথা উপজেলার ডাঙ্গী জয়কাইল গ্রামে গত রবিবার রাতে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে গেছে। এতে দোলাল মাতুব্বর, রাজ্জাক মাতুব্বর ও লুত্ফর মাতুব্বরের ছয়টি বসতঘর, ২টি গরু, নগদ টাকা ও মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। টেকনাফে বজ্রপাতে ছয়টি গরুর মৃত্যু টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, টেকনাফ উপজেলার লেদা গ্রামে রবিবার সন্ধ্যায় বজ্রপাতে ছয়টি গরুর মৃত্যু ও দুটি বসতঘর পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নূর আহমদের বসতবাড়িতে বজ্রপাত হলে হালের ছয়টি গরুর মৃত্যু ও বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। একই গ্রামের মনু মিয়ার বাড়িটিও বজ্রপাতে পুড়ে যায়। বজ্রপাতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত নূর আহমদ ও মনু মিয়া জানান।