টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পালপাড়ায় ৮ শতাধিক বাসা-বাড়ি থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ঘটনায় ২৭ জনের নামে সরাসরি মামলা হয়েছে। এ ছাড়া মামলায় আরও দেড় শতাধিক গ্রাহককে অজ্ঞাত আসামি রাখা হয়েছে।
গতকাল সোমবার পৌরসভার পালপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে অধিকাংশ বাড়ি পুরুষ শূন্য। মির্জাপুর থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের যাতে দ্রুত গ্রেফতার করা যায় সেজন্য নাম প্রকাশ করা যাচ্ছে না ।
টাঙ্গাইল জেলা তিতাস গ্যাস জোনাল অফিসের ব্যবস্থাপক মোঃ সুরুজ আলম জানান, মির্জাপুরে একটি প্রভাবশালী মহল তিতাস গ্যাস অফিসের কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে গত কয়েক মাস ধরে বিভিন্ন বাসা-বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারি নির্ধারিত মূল্যের রাইজার প্রতি ৪৫শ’ টাকার গ্যাস চোরাই পথে সংযোগ হচ্ছে ৯০ হাজার টাকা থেকে দেড় লাখ টাকায়। মির্জাপুরে এই চক্রটি প্রায় দুই হাজার বাসা-বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
