পাকিস্তানের দায়িত্বে মুশতাক

আপডেট : ১২ মে ২০১৪, ২২:২৯
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার মুশতাক আহমেদকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ইংল্যান্ড দলের দায়িত্ব হারার একদিন পরই নিজ দেশে নিয়োগ পেলেন বিশ্ব কাপ জয়ী পাকিস্তান দলের এই সদস্য। পিসিবির দেয়া বিবৃতি অনুসারে ৪৩ বছর বয়সী সাবেক এ লেগ স্পিনারকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। ইংল্যান্ড দলের নতুন প্রধান কোচ পিটার মুরস দায়িত্ব নিয়ে স্পিন বোলিং কোচ হিসেবে পিটার সাচকে নিয়োগ দেয়ার আগে ছয় বছর ইংলিশ দলের দায়িত্ব পালন করেন মুশতাক। নিয়োগ পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুশতাক বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মানের ব্যাপার এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’ খেলোয়াড়ি জীবনে ১৮৫ টেস্ট ও ১৬১ ওয়ানডে উইকেট শিকার করেন মুশতাক আহমেদ। গত সপ্তাহে প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া ওয়াকার ইউনিস ও ওয়াসিম আকরামসহ ’৯০ দশকে পাকিস্তান দলের শক্তিশালী বোলিং আক্রমণের মূল ভূমিকায় ছিলেন তিনি। ১৯৯২ সালে পাকিস্তান দলের বিশ্ব কাপ জয়েও মূল ভূমিকা পালন করেছিলেন আকরামের সঙ্গে এ লেগ স্পিনার। জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শেষ হওয়ার পর তিনি ইংলিশ কাউন্টি ক্রিকেটে মনোযোগী হন। কাউন্টি ক্রিকেটে সাসেঙ্রে হয়ে এক নাগাড়ে পাঁচ বছর খেলে একশর বেশি উইকেট শিকার করেন এবং ২০০৩, ২০০৬ এবং ২০০৭ সালে দলকে চ্যাম্পিয়ন করতে কার্যকর ভূমিকা পালন করেন। তার অতীত নিয়ে বিতর্ক থাকলেও এর আগে ২০০৫ এবং ২০০৭ সালে দুই বার পাকিস্তান দলের স্পিন কোচের দায়িত্ব পালন করেন তিনি। তার নিয়োগ নিয়ে কোন কোন মহল থেকে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না- জনগণ কেন আমার নিয়োগের বিরুদ্ধে। এর আগেও আমি কোচের দায়িত্ব পালন করেছি এবং তার পর ইংল্যান্ডে। সেখানে কোন প্রশ্ন ওঠেনি। তাহলে এখন কেন?’ পিসিবি জিম্বাবুয়ের সাবেক ওপেনার গ্রান্ট ফ্লাওয়ারকে ব্যাটিং এবং একই দেশের রিচার্ড হালসালকে ফিল্ডিং কোচ ও ট্রেইনার হিসেবে নিয়োগ দেবে বলে ধারণা করা হচ্ছে। -বাসস