নোয়াখালীতে পিতার হাতে মাদকাসক্ত পুত্র খুনসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
নোয়াখালীতে পিতার হাতে
মাদকাসক্ত পুত্র খুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আপানিয়া পুল এলাকায় গতকাল সোমবার সকালে তাজুল ইসলাম (২৬) নামে এক মাদকাসক্ত পুত্রকে কুপিয়ে হত্যা করেছে পিতা গোলাম মোস্তফা।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোস্তফার পুত্র তাজুল ইসলাম তাজু একজন মাদকাসক্ত ও সন্ত্রাসী। পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কয়েকদিন পূর্বে তাকে পুলিশে দিয়েছিলেন পিতা। এরপর থেকেই পুত্র তাজুল পিতা ও পরিবারের অন্যদের হত্যার হুমকি দিতে থাকে। ঘটনার দিন সকালে পিতা মোস্তফাকে হত্যার উদ্দেশ্যে দা নিয়ে ধাওয়া করে। মোস্তফা আত্মরক্ষার্থে ছেলের কাছ থেকে দা নিয়ে পুত্রের ঘাড়ে কোপ দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর থেকে মোস্তফা ও পরিবারের লোকজন পলাতক।
কালিয়াকৈরে শিল-পাটা দিয়ে
থেতলে মাকে হত্যা
কালিয়াকৈর উপজেলার ভৃঙ্গরাজপাল-পাড়া গ্রামে গতকাল সোমবার সকালে ভাগবতী পাল (৬৮) নামে এক বৃদ্ধা মাকে শিল পুতা দিয়ে থেতলে হত্যা করেছে পুত্র উত্তম পাল। এ ঘটনায় পুলিশ পুত্রকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে বাটার শিল পুতা দিয়ে মাথা ও মুখমণ্ডল থেতলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার এসআই মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বেড়ায় যুবককে কুপিয়ে হত্যা
বেড়ার উপজেলার খাকছাড়া গ্রামে গত রবিবার গভীর রাতে ফরিদুজ্জামান আনিস (৩৮) নামে এক ব্যক্তি কুপিয়ে হত্যা ও দুইজনকে আহত করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন নিহত আনিসের বাবা বাহাদুর প্রামাণিক ও ভাই আরিফ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, কয়েক দিন আগে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় নিহত আনিসের খালাতো ভাই ফরিদকে নুরুজ্জামান কুপিয়ে আহত করে। এ নিয়ে আনিস ও নুরুজ্জামানের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় আনিস তার বাবা ও ভাইকে নিয়ে চাকলা ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দিতে যাওয়ার পথে নুরুজ্জামান ও তার ছেলে রুবেলসহ ৫-৬ জন পথ আটকে কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেয়ার পথে আনিসের মৃত্যু হয়।
বেড়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে গতকাল সোমবার সকালে বেড়া থানায় নুরুজ্জামান, তার ছেলে রুবেল ও সহযোগী মোসলেম উদ্দিনসহ অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
