কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা ততই ভোটারদের কাছে টানার চেষ্টা চালাচ্ছেন। গত ৪ মে প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম সারওয়ার (কাপ-পিরিচ), বিএনপি প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম চৌধুরী (দোয়াত-কলম), মোঃ জহিরুল ইসলাম খন্দকার স্বপন (টেলিফোন), ডা.মোঃ খোরশেদ আলম (ঘোড়া), লালমাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার (হেলিকপ্টার), জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী সৈয়দ আব্দুর রাজ্জাক (আনারস), মোঃ কাউছারুল ইসলাম সুমন (মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই বাবলু (টিউবওয়েল), ১৯ দলীয় জোট প্রার্থী উপজেলা জামায়াতের আমির মাওলানা এইচ এম নুরুউল্লাহ (চশমা), মনিরুল হক চৌধুরী সমর্থিত প্রার্থী সোহেল চৌধুরী (তালা), জাতীয় পার্টির মোঃ আব্দুল কাদের (জাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী দেলোয়ারা বেগম (বৈদ্যুতিক পাখা), ১৯ দলীয় জোট প্রার্থী ইসলামী ছাত্রী সংস্থার নেত্রী শাহিনা আক্তার (ফুটবল) এবং সাবেক পেরুল ইউপি আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য কানিজ ফাতেমা (কলস)।
কাউনিয়ায় জমে উঠেছে প্রচার-প্রচারণা
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের অন্য তিন উপজেলার মতো কাউনিয়া উপজেলায়ও নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। ১৯ মের নির্বাচনকে ঘিরে প্রার্থীদের চোখে ঘুম নেই। সবার টার্গেট এখন ভোটারদের কাছে ভোট প্রার্থনা। প্রার্থীদের কেউ চলছেন পায়ে হেঁটে আবার কেউবা ছুটছেন ঘোড়ায় চড়ে, কেউবা গাড়ি করে। বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত আনোয়ারুল ইসলাম মায়া তার মটর সাইকেল প্রতীকের পক্ষে কাজ করার জন্য প্রতিটি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বেশ জোরেসোরে মাঠ চষে বেড়াচ্ছেন। বিএনপির আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু ঘোড়া প্রতীক নিয়ে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়মিত বৈঠক এবং প্রচারণায় ব্যস্ত আছেন। নাগরিক কমিটির ব্যানারে অধ্যক্ষ মোফাজ্জল হোসেনের দোয়াত-কলম প্রতীক নিয়ে কাজ করছেন তার সহকর্মী, ছাত্র এবং এলাকাবাসী। কমরেড রফিকুল ইসলামের আনারস প্রতীকের পক্ষে কাজ করছেন ক্ষেত মজুরসহ এলাকার বামপন্থী নেতা-কর্মীরা। জাতীয় পার্টির প্রার্থী সামছুল আলম ভরসার কাপ-পিরিচ মার্কা নিয়ে নেতা-কর্মীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা তালুকদার শিউলী হাঁস প্রতীক, শেফালী খাতুন কলস প্রতীক এবং অঙ্গুরা বেগম ফুটবল প্রতীক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বসে নেই ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থীরাও। আওয়ামী লীগ সমর্থিত আব্দুর রাজ্জাক (তালা), এডভোকেট মাজহারুল ইসলাম বাবলু (টিউবয়েল) এবং খায়রুল ইসলাম (চশমা) প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে অহর্নিশ ব্যস্ত সময় কাটাচ্ছেন।
বিজয়নগরে ৩ পদে ১৭ প্রার্থী মাঠে
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, বিজয়নগরে ১৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ প্রার্থী মাঠে রয়েছেন। চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন লড়ছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট তানভীর ভুঁইয়া (দোয়াত-কলম), বিএনপির এড. শরিফুল ইসলাম লিটন (টেলিফোন), বিএনপির বিদ্রোহী প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম (কাপ-পিরিচ), জাপার এমদাদ বারী (চিংড়ি মাছ), জনতার প্রার্থী আব্দুস সাত্তার (আনারস), শাহিদ সিরাজী (মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বাবুল আক্তার (বই), বিএনপির মুখলেছুর রহমান লিটন (টিউবওয়েল), ওয়ার্কার্স পার্টির সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পি (মাইক), জামায়েতের ডাঃ আলী নেওয়াজ (তালা), জাপার জাকারিয়া (টিয়াপাখি), ইসলামী ঐক্যজোটের রেদুয়ান বারী সিরাজী (বৈদ্যুতিক বাল্ব), জহিরুল ইসলাম (উড়োজাহাজ), সজরুল হক সুজন (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ফয়জুননেছা টুনি (হাঁস), বিএনপির মরিয়ম বেগম (কলস) ও সেলিনা আক্তার (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
