নৈশকোচে নারী যাত্রীকে যৌন হয়রানি, চালক আটক

আপডেট : ২৫ মে ২০১৯, ২২:১৭

আগৈলঝাড়ার যাত্রীবাহী একটি নৈশকোচে নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় গোল্ডেন লাইন পরিবহনের অভিযুক্ত চালক আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

মামলার বরাত দিয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, পূর্ব পয়সা গ্রামের আহসান হাবিব তালুকদারের বোন লিমার কাছে বেড়াতে আসেন তার বান্ধবী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার এক তরুণী। বেড়ানো শেষে গত ১৮ মে শনিবার তিনি ঢাকা ফিরে যাবার জান্য গোল্ডেন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪৮৬৮২) টিকিট নেন। রাত সাড়ে আটটায় পয়সা থেকে ঢাকার উদ্দেশে গাড়িটি ছেড়ে দেয়। পথে গাড়ির চালক ফরিদপুর জেলার কোতয়ালী থানার রঘুনন্দনপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে আল আমিন (৩৫) ওই তরুণীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। গাড়িতে তাকে একা পেয়ে চালক আল আমিন গাড়ির সব জানালা ও দরজা বন্ধ করে তাকে কু-প্রস্তাব দেয়। তিনি রাজি না হলে আল আমিন তাকে ধর্ষণের চেষ্টা চালায়।