পুলিশের হাতে গতকাল সোমবার দিনাজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হানিফ দিলন লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা থানা ঘেরাও করে। পরে তাদের চাপের মুখে দিলনকে ছেড়ে দেয় পুলিশ।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, দিনাজপুর শহরের ৪ নং ওয়ার্ডের খ্রিস্টান পাড়ায় ইউএনডিপির অর্থানুকূল্যে রাস্তা নির্মাণের কাজ শুরু হলে এলাকার প্রশান্ত বর্মন, ডেভিড দাস ও জনরায়সহ কয়েক ব্যক্তি কাজে বাধা দেয়। এ খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে স্থানীয় কাউন্সিলর আব্দুল হানিফ দিলন ঘটনাস্থলে এসে উভয়পক্ষের বক্তব্য শোনার পর সাময়িক কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। একপর্যায়ে প্রশান্ত বর্মন কোতোয়ালি থানায় খবর দিলে এস আই কুদ্দুস ও এস আই এহসান আলী ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে রাস্তার নির্মাণ কাজের পক্ষের লোকজনের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় ২ এসআই ওয়ার্ড কাউন্সিলর দিলনের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন।
দিলন অভিযোগ করে বলেন, একপর্যায়ে ২ পুলিশ কর্মকর্তা তাকে ধাক্কা দেয় এবং পিস্তল উঁচিয়ে গুলি করার হুমকি দেয়। পরিস্থিতির অবনতি হলে পুলিশ দিলনকে কোতোয়ালি থানায় নিয়ে আসে। তবে ওসি জানান, ওয়ার্ড কাউন্সিলর দিলনকে পিস্তল উঁচিয়ে গুলি করার হুমকি দেয়া হয়নি। তার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল।
