আধুনিক এই সময়ে স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতো মোবাইল ডিভাইস আমাদের দৈনন্দিন সব কাজের সাথেই জড়িয়ে পড়েছে। শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রেই ব্যবহূত হচ্ছে এসব স্মার্টফোন। হূদস্পন্দন, রক্তচাপ—এমন অনেক শারীরিক তথ্যের জন্য স্মার্টফোনের ব্যবহার অনেক পুরোনো। এবারে এর সাথে যুক্ত হলো ঘুমপাড়ানি মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাইস্লিপবাটন’। আইওএস ডিভাইসের (আইফোন, আইপ্যাড, আইপড টাচ) জন্য তৈরি এই অ্যাপ্লিকেশন নির্বিঘ্ন ঘুমের জন্যই সহায়তা করবে ব্যবহারকারীকে।
মস্তিষ্কের কার্যক্রম এবং গতিবিধি নিয়ে তৈরি ‘কগনিটিভ সায়েন্স’ ব্যবহার করে তৈরি করা হয়েছে এই অ্যাপ্লিকেশন। এটি এমন একটি আবহ তৈরি করে যাতে করে ঘুমের ব্যাঘাত হয়, এমন ধরনের চিন্তা-ভাবনা থেকে বিরত থাকে ব্যবহারকারী। ফলে তার ঘুম নির্বিঘ্ন হয়।
কগনিটিভ শাফল পদ্ধতিটি উদ্ভাবন করেন কানাডার সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির গবেষক লুক বিউডয়িন। এই পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘ঘুমের সময় মানুষ পরস্পরবিচ্ছিন্ন নানা ধরনের চিন্তা করে থাকে। এই চিন্তাগুলোকে যদি এক সুতায় বাধা যায় তাহলে ঘুম ভালো হবে।’
এই কাজটি করতেই যাবতীয় সহায়তা করে থাকে ‘মাইস্লিপবাটন’ অ্যাপ্লিকেশনটি। ঘুমের সময় যাতে ‘মাইস্লিপবাটন’ ব্যবহারকারী জটিল কোনো চিন্তায় নিজেকে নিবদ্ধ না রাখে, তা নিশ্চিত করে অ্যাপ্লিকেশনটি। এর জন্য বিভিন্ন ধরনের চিন্তা-ভাবনার তালিকার পরামর্শও প্রদান করে এটি। ঘুমের সহায়ক কিছু গেমও রয়েছে এতে। এ ছাড়াও রয়েছে কার্যকরী কিছু ড্রয়িং, যেগুলো ঘুমকে ত্বরান্বিত করে থাকে। অ্যাপ্লিকেশনটির ‘পুট মি টু স্লিপ’ বাটন স্পর্শ করলেই কাজ শুরু করবে এটি। http://mysleepbutton.com ঠিকানায় পাওয়া যাবে এটি।
