প্র যু ক্তি ব্য ক্তি ত্ব : সুজি নাকামুরা

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:০৬
এলইডি লাইটকে আজকের দিনে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। প্রচলিত বাল্বের জায়গায় এলইডি লাইট ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। শুধু তাই নয়, প্রযুক্তিবিশ্বের নানা ধরনের কাজে এই এলইডি লাইট দখল করে নিয়েছে গুরুত্বপূর্ণ স্থান। লাইটিং প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নীল রঙের এলইডি লাইটের উদ্ভাবকের স্বীকৃতি দেওয়া হয় জাপানি বিজ্ঞানী সুজি নাকামুরাকে। সুজি নাকামুরা ইউনিভার্সিটি অব তোকুশিমা থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কর্মজীবন শুরু করেন তোকুশিমায় অবস্থিত নিশিয়া কর্পোরেশনে। এখানে কর্মরত অবস্থাতেই সুজি নাকামুরা গ্যালিয়াম নাইট্রাইড ব্যবহার করে উচ্চ উজ্জ্বলতার এলইডি লাইট উদ্ভাবন করেন, যা থেকে নীল রঙের আলো নিসৃত হয়। মূলত এলইডি লাইটিংয়ের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী ঘটনা। ১৯৯৩ সাল থেকে এই এলইডি লাইটের বাণিজ্যিক বাজারজাত শুরু হয়। নীল এলইডি ছাড়াও সবুজ ও সাদা এলইডি এবং ব্লুরে ডিস্কের জন্য ব্লু লেজার ডায়োড তৈরিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নাকামুরা। শতাধিক প্যাটেন্টের অধিকারী নাকামুরা বর্তমানে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।