যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:১২
নওগাঁ সদর উপজেলার চকরামপুর গ্রামে যৌতুকের দাবিতে সম্পা বেগম (২২) নামের এক গৃহবধূর গায়ে কেরোসিন দিয়ে অগ্নিসংযোগ করে হত্যার চেষ্টা করেছে তার স্বামী বিপ্লব হোসেন। এ ঘটনায় সম্পার বাবা ইসমাইল হোসেন বাদি হয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ৭ জনকে আসামি করে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে সম্পা বেগমের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিত্সকরা। ৩ বছর পূর্বে নওগাঁ সদর উপজেলার চকরামপুর গ্রামের সম্পা বেগমের সাথে উপজেলার চন্ডিপুর গ্রামের বিপ্লব হোসেনের বিয়ে হয়। বিয়ের সময় চুক্তি মোতাবেক ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। সম্পার মা ঝরনা খাতুন জানান, যৌতুকের বাকি ২০ হাজার টাকা দিতে না পারায় প্রতিদিনই সম্পাকে অমানসিক নির্যাতন করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুর থেকে বিপ্লব হোসেন ও সম্পার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর ঘরের মধ্যে বেঁধে রেখে সারাদিন নির্যাতন করে। এরই এক পর্যায়ে রাত ১১টার দিকে ঘুমন্ত সম্পার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) সমীর সূত্রধর জানান, এ ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে।