পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দিদারুল হক কাজেমী প্রকাশ কিরিচ বাবুলের দুই ছেলেকে ছুরিসহ গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার ভোরে নগরীর বাকলিয়া থানার নবাব খাঁ কলোনীর নয়া রাস্তা খালের পুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু’জন হলেন- মো. আছিবুল হক কাজেমী প্রকাশ হাসান (২০) ও মো. রাকিবুল হক কাজেমী প্রকাশ রুবেল (২৪)। এ সময় তাদের কাছ থেকে দু’টি ছুরি উদ্ধার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশ জানায়, দিদারুল হক কাজেমী প্রকাশ কিরিচ বাবুল বাকলিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার ছেলেরাও এলাকায় ছিনতাই কাজে লিপ্ত। তারা বিভিন্ন অলি-গলিতে যেখানে পুলিশের টহল গাড়ি প্রবেশ করে না সেসব গলির নির্জন জায়গায় পথচারী ও রিকশা আরোহীদের ছুরির ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল সেট এবং দামি জিনিসপত্র ছিনিয়ে নেয়। এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে বিভিন্ন বাসায় ঢুকে টাকা-পয়সা, মোবাইল সেট ও দামী জিনিসপত্র চুরি করে তারা।
