বাগেরহাটের প্যানেল মেয়র চাঁদাবাজি মামলায় আটক

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:১৪
চাঁদাবাজি মামলায় গত সোমবার রাতে বাগেরহাটের পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সভাপতি এবং আন্তঃজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিনা হাসিবুল হাসানসহ দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় প্যানেল মেয়রের সমর্থকরা মঙ্গলবার ভোর থেকে বিক্ষোভ মিছিল, পিকেটিং ও ১১টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। বিক্ষুব্ধরা মিছিল সহকারে বেড়িগেট ভেঙ্গে বাগেরহাট মডেল থানার সামনে গেলে পুলিশ লাঠিচার্জ ও শর্টগানের গুলি ছুঁড়ে। নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান জানান, বাগেরহাটের অনেক ক্ষমতাসীন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে চাঁদা দিতে গিয়ে প্রতিষ্ঠানটি প্রায় দেউলিয়া হওয়ার উপক্রম। প্রতিষ্ঠানটিকে বাঁচাতেই মামলা দেয়া হয়েছে। পৌরসভার প্যানেল মেয়র মিনা হাসিবুল হাসান শিপন জানান, সরকার দলীয় কতিপয় নেতা ভূমিদস্যু আব্দুল মান্নানের নিকট থেকে বিশেষ সুবিধালাভের পর তাদের নির্দেশে পুলিশ তাকে আটক করে। বাগেরহাট মডেল থানার ওসি আলী আজম খান জানান, নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট প্রা. লিমিটেডের নির্বাহী পরিচালক আবু জাফর বাদি হয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রতিষ্ঠানে হামলার অভিযোগে বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়রসহ ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ ঘটনায় প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে।