মীর্জাগঞ্জে গাঁজা রাখার দায়ে যুবকের কারাদণ্ড
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ মীর্জাগঞ্জে গাঁজা সেবন ও সঙ্গে রাখার অপরাধে সুকুমার নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মদ আবু সাঈদ মোল্লা এ রায় দেন। জানা যায়, উপজেলা সদরস্থ সুবিদখালী ঋষি বাড়ি এলাকা থেকে গত সোমবার রাতে গাঁজা সম্র্রাট নামে পরিচিত সুকুমারকে ১৫ গ্রাম গাঁজাসহ পুলিশ গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে আদালত উল্লেখিত রায় দেন।
পুলিশের উপর হামলার মামলায় সেনবাগে শিবির নেতা আটক
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ পুলিশের উপর হামলার মামলায় নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ গত সোমবার রাতে উপজেলার সেবারহাট বাজার সংলগ্ন রাজারামপুর গ্রাম থেকে সাইফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে। সে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্র শিবির নেতা। তাকে গতকাল মঙ্গলবার নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সেনবাগ থানার ওসি মো. মমিনুল ইসলাম গতকাল ইত্তেফাককে বলেন, তার বিরুদ্ধে পুলিশের উপর হামলার মামলাসহ থানায় একাধিক সন্ত্রাসের মামলা রয়েছে।
শার্শায় শুরু হয়েছে ডিজিটাল মেলা
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ই-সেবার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। উপজেলা প্রশাসনের আয়াজনে অনুষ্ঠিত এ মেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হাসান ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল ইসলাম। ১১টি ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রসহ ২৫টি ষ্টল এ মেলায় স্থান পায়।
চিনামূড়া এল এন উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার দাউদকান্দি উপজেলার চিনামূড়া এল.এন (লক্ষ্মী-নারায়ণ) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মেজবাহ উদ্দীন আহম্মদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতারণীতে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ উর রহমান । এতে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান মোল্লা, দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি রঞ্জন দে প্রমুখ।
সুন্দরগঞ্জে মাতৃত্বকালীন ভাতা প্রদান
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় গর্ভবর্তী মহিলাদের মাঝে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে মাতৃত্বকালীন ভাতা প্রদান অনুষ্ঠানে গর্ভবর্তী মহিলার হাতে টাকা তুলে দিয়ে উদ্বোধনী ঘোষণা করেন-ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ। এ সময় উপস্থিত ছিলেন-মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতালী পাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী, প্রেসক্লাব আহ্বায়ক রাশিদুল আলম চাঁদ প্রমুখ।
বাঞ্ছারামপুরে খাদ্যভিত্তিক পুষ্টি প্রকল্পের প্রশিক্ষণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার খাদ্যভিত্তিক পুষ্টি প্রকল্পের উপর ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোশারফ হোসেন। উপ-পরিচালক বছির উদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নোয়াখেরুল ইসলাম, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন । উপজেলা উপ-সহকারী কর্মকর্তা, শিক্ষক, মসজিদের ইমাম, কৃষক, এনজিও প্রতিনিধিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ।
মেহেরপুরের কোলা গ্রামে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে বিস্কুুট ফ্যাক্টরিতে উত্পাদিত বিস্কুটে রঙ মিশানোর অভিযোগে মালিকের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল মেহেরপুর সদর উপজেলা আমঝুপী ইউনিয়নের কোলা গ্রামের বিসমিল্ল¬াহ বেকারীতে অভিযান চালান।
কোটালীপাড়ায় কবি সুকান্তের প্রয়াণ দিবস পালিত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ৬৭তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উনশিয়া গ্রামে কবি সুকান্ত স্মৃতি সংসদ, কবি সুকান্ত সেবা সংঘ, কোটালীপাড়া উদীচী শিল্পীগোষ্ঠী, প্রেসক্লাব-কোটালীপাড়াসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সভায় কবি সুকান্ত স্মৃতি সংসদের সভাপতি আয়নাল হোসেন শেখ, কবি সুকান্ত সেবা সংঘের পরিচালক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার, সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, উদীচী কোটালীপাড়া শাখার সভাপতি নাসিম আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক অশোক কর্মকার, সাংবাদিক মিজানুর রহমান বুলু, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফজলুর রহমান দিপু ও খোকন হাওলাদার বক্তব্য রাখেন।
শার্শায় দুঃস্থদের ঘর নির্মাণ প্রকল্পের উদ্বোধন
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ শার্শায় জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় দুঃস্থ পরিবারের জন্য শার্শার ওমেলা খাতুনের ঘর নির্মাণ কাজের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার এ প্রকল্পের উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থায়নে শার্শায় প্রথম দফায় ১১টি ইউনিয়নের ১৮ জন দুঃস্থ পরিবারের স্থায়ী ঠিকানা স্থাপনের লক্ষে এ ঘর নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেন ও নাসির উদ্দীন প্রমুখ।
মুন্সীগঞ্জে ৭২০ কেজি জাটকা আটক
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে চলন্ত দু’টি লঞ্চে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার সকালে ৭২০ কেজি জাটকা আটক করেছে মত্স্য বিভাগ ও কোস্টগার্ড । সদর উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান জানান, দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি সাদিল ও এমভি ফারহান-১ নামের ২টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে জাটকাগুলো আটক করা হয়। ৩টি ঝুড়ি ও ২টি বস্তায় জাটকাগুলো বন্দি করা ছিল। তবে জাটকার মালিককে আটক করা সম্ভব হয়নি। পরে জাটকাগুলো স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শ্যামনগরে নারী উন্নয়ন কর্মশালা
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদুল হোসেন শ্যামনগরে নারী উন্নয়ন কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন নারী উন্নয়ন কর্মশালার আয়োজন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জীসহ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও জন প্রতিনিধিবৃন্দ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তবিবুর রহমান প্রমুখ।
ঈশ্বরগঞ্জে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. ফখরুল ইমাম । বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম, ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম ভূঞা মনি, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক মো. হাসিম উদ্দিন প্রমুখ ।
নড়িয়ায় মতামত ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার দিনব্যাপী বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও নড়িয়া উন্নয়ন সমিতির আয়োজনে শরীয়তপুরের নড়িয়ায় নুসা ট্রেনিং কমপ্লেক্সে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণ, ‘নারীর উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জেন্ডার দৃষ্টিভঙ্গিতে জলবায়ু বিপন্নতা বিশ্লেষণ ঃ গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক মতামত ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ট্রেনার হিসেবে বিএনপিএস সমন্বয়কারী কাজী রবিউল আলম, দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার পার্থ শংকর সাহা, নুসান কর্মকর্তা কবির হোসেন উপস্থিত ছিলেন । কর্মশালায় বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার মোট ২৭ জন সাংবাদিক অংশ নেয়।
