বৃষ্টির কারণে বর্তমানে আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকলেও আবারো বাড়তে পারে গরমের তীব্রতা। অন্যদিকে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে গতকাল দেওয়া সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়, বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির কারণে এখন শীতল আবহাওয়া থাকলেও দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ এ মাসে প্রশমিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গরমের এই তীব্রতা থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, জুনের দ্বিতীয় সপ্তাহের দিকে দেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রভাবে তখন গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হতে পারে। এর আগে তাপপ্রবাহ কমার তেমন সম্ভাবনা নেই। তিনি জানান, আগামী তিনদিনে সারাদেশে তাপপ্রবাহ সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
