ধামরাইয়ের ২০৩৭ কৃষক লেবু চাষে ফিরে পেয়েছে সফলতা

আপডেট : ১৩ মে ২০১৪, ২২:৫৮
ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে যাদবপুর, বাইশাকান্দা, কুশুরা, বালিয়া, সানোড়া, চৌহাটসহ ৬টি ইউনিয়নে ৬০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বারোমাসী লেবু চাষ হচ্ছে। ছয়টি ইউনিয়নের ২০৩৭ জন কৃষক লেবু চাষ করে ফিরে পেয়েছে সচ্ছলতা। কৃষি কর্মকর্তা আ. সালাম জানান, লেবু চাষে ধামরাইয়ের চাষীরা সফল। তবে লিফ মাইনর, থ্রিপ্্স পোকা এবং ক্যাংকার রোগ লেবুর ফলনে বাধা হয়ে দাঁড়িয়েছে। চারা লাগানোর পর পরই ফরিয়ারা দাদনের মাধ্যমে অধিকাংশ লেবু বাগানের মালিকানা নিয়ে নেয়। এসব ফরিয়ারা অধিক মুনাফার আশায় অপরিপক্ক লেবু বাজারজাত করে। আয়নাল হক, মানিক, টোপের বাড়ির সামসুজ্জামান, বাবুল হোসেন, আলাউদ্দিনসহ অনেকেই সফল লেবু চাষী এবং লেবু চাষ করে তারা লাভবান। আলাউদ্দিন নামে এক লেবু চাষী জানান, তিনি এ বছর ৩৫ বিঘা জমিতে লেবু চাষ করেছেন। স্থানীয় বাজারে লেবুর যথেষ্ট চাহিদা রয়েছে এবং দামও ভাল।