ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ কৃষকের সংকট উত্তরণে ৯ দফা দাবি পেশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের পকেট ভারী করার জন্য তাদের ধান কেনার অনুমতি দিয়ে সরকার কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। আমরা কৃষকের পণ্যের ন্যায্যমূল্য, বিশেষ করে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানাচ্ছি। কৃষি উন্নয়নের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে হবে, কৃষি ঋণ মওকুফ করতে হবে। কৃষকের কাছ থেকে বেশি পরিমাণ ধান কেনার জন্য ১০ হাজার কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ দাবি করছি। যা দিয়ে সরকার অতিরিক্ত প্রায় ৩৬ লাখ মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে সংগ্রহ করতে পারে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
ফখরুল বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় ধানের দাম কমে যাওয়ায় কৃষকের ধান তার সরকার কিনে নিয়েছিল। তখন গুদামজাত করার মতো বেশি স্থান না থাকায় স্কুল, কলেজ এবং মাদ্রাসায়ও ধান গুদামজাত করা হয়েছিল।
