যারা ক্রিম খেতে আসেনি তাদেরই নেতৃত্বে আনা হবে :জি এম কাদের

আপডেট : ২৬ মে ২০১৯, ০০:০৯

জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ব্যক্তি স্বার্থ উত্সর্গ করে যারা দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করেছে-সেই তরুণদের জাপার নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্বে নিয়ে আসা হবে। বিগতদিনে যারা মাঠে ছিল, যারা ক্রিম খেতে রাজনীতিতে আসেনি-ভবিষ্যতে তাদেরই মূল্যায়ন করা হবে। গতকাল শনিবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে কুমিল্লা বিএনপির কয়েক কর্মীর জাপায় যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

জিএম কাদের বলেন, টাকা বা অস্ত্র নয়-আমরা মানুষের ভালোবাসার শক্তি দিয়ে জাপাকে এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, রাজনীতির প্রতি সাধারণ মানুষের বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে। অনেকেই রাজনীতিকে ব্যবসা মনে করছেন। রাজনীতিতে টাকা লগ্নি করে আবার সেই টাকা তুলে নিতে চেষ্টা করেন। সাধারণ মানুষ চায় স্বচ্ছ ও নির্মোহ রাজনীতি। আর এ কারণেই দেশের মানুষ জাপার দিকে তাকিয়ে আছেন। সাধারণ মানুষ মনে করেন জাপাই তৃতীয় শক্তি হিসেবে তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাপা নেতা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, আলমগীর সিকদার লোটন, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ।