বেহুলার বাসর ঘরের ছিদ্রের কথা ভুলে গেছে আওয়ামী লীগ —রিজভী

আপডেট : ২৬ মে ২০১৯, ০০:১২

আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতাকে নিশ্ছিদ্র নিরাপদ মনে করলেও তারা বেহুলার বাসর ঘরের দরজার ছিদ্রের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বেগম জিয়া বিনা চিকিত্সায় মারা যাবেন না’। এই বক্তব্যে প্রমাণ হয়, আসলেই আওয়ামী লীগ সরকারের ওপরেই নির্ভর করছে বেগম জিয়ার জীবন-মৃত্যু। তারা  বেগম জিয়ার অসুস্থতা নিয়েও বিদ্রুপ করছেন। বাস্তবে খালেদা জিয়ার সঠিক চিকিত্সা হচ্ছে না। সরকারের অবহেলায় এবং প্রতিহিংসা পূরণের ফলে বিএনপি চেয়ারপারসনের কোনো ক্ষতি হলে এর দায় তাদেরকেই নিতে হবে।

গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে উপস্থিত ছিলেন-মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নূরজাহান ইয়াসমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, মানব উন্নয়নবিষয়ক সম্পাদক ফারহানা ইয়াসমিন আতিকা, মহিলা দল নেত্রী মুকুল আক্তার অনা, শাহজাদী কহিনূর পাঁপড়ী প্রমুখ।