অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত্কারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (উওর) পুলিশ। শুক্রবার বিকালে রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের নাম ফজলুর রহমান নাদিম, মো. নজিবুল ইসলাম মিলন, মো. জিয়াউদ্দিন আহমেদ ও অজিয়ার রহমান। এসময় তাদের হেফাজত হতে আত্মসাত্কৃত আট লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, এ চারজন রাজধানীর বাড্ডার প্রগতি সরণীর র্যাংগস টাওয়ারের ১০ তলার একটি কক্ষ ভাড়া নেয়। এরপর তারা সেখানে রহমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নামে একটি ভুয়া কোম্পানির অফিস খোলে। তাদের মধ্য থেকে কেউ গ্রুপের চেয়ারম্যান, এমডি, কেউবা ম্যানেজার ও বিদেশি ক্রেতা সাজে। এভাবেই তারা সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এ ব্যাপারে গত ৪ মে এবং ২২ মে বাড্ডা থানায় পৃথক দুইটি মামলা রুজু হয়। থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও মামলার ছায়া তদন্ত শুরু করে। মামলা তদন্তকালে তথ্যপ্রযুক্তির সাহায্যে সংঘবদ্ধ প্রতারক চক্রটিকে শনাক্ত করে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
