অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর টুইটে টুইটারের ফিড ভরে যাওয়া অনেকের জন্যই খুব সাধারণ একটি ঘটনা। এতে করে দেখা যায় অনেক সময় প্রয়োজনীয় টুইটগুলোই আড়ালে পড়ে যায়। এই ঝামেলা থেকে মুক্তি পেতে অনেকদিন থেকেই টুইটার ব্যবহারকারীদের চাহিদা ছিল টুইটারে একটি মিউট ফিচার যুক্ত করার। এতদিনে এসে টুইটার গ্রাহকদের সেই চাওয়াকে বাস্তবে পরিণত করতে যাচ্ছে টুইটার। ওয়েব ব্রাউজার এবং মোবাইল অ্যাপ্লিকেশনে টুইটারের ব্যবহারকারীরা এই মিউট ফিচার ব্যবহার করে যেকোনো টুইটার অ্যাকাউন্টকে মিউট করে রাখতে পারবেন। এতে করে মিউট করা অ্যাকাউন্ট থেকে কোনো টুইট বা রিটুইট হাজির হবে না টুইটারের হোম টাইমলাইনে। তবে আলাদা করে সেসব অ্যাকাউন্টে গিয়ে টুইটকে ফলো করা যাবে, ফেভারিট হিসেবে যুক্ত করা যাবে এবং সেগুলোর প্রত্যুত্তরও দেওয়া যাবে। আবার যাকে মিউট করা হবে, সে জানতেও পারবে না যে তাকে মিউট করা হয়েছে। আর মিউট করার পর যেকোনো সময়েই আনমিউটও করা যাবে। যেকোনো টুইটার অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইল পেজের গিয়ার আইকনে ক্লিক করে সেখান থেকেই মিউট করা যাবে। আবার হোম পেজ থেকে ‘মোর’ বাটনে ক্লিক করেও মিউট করা যাবে। ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে মিউট ফিচারটি ব্যবহার শুরু করেছে টুইটার। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একে সকল গ্রাহকের জন্য উন্মুক্ত করা হবে।
