ভারতের মধ্যপ্রদেশের সিউনিতে গোপাচারের অভিযোগে এক নারীসহ তিন মুসলিমকে গাছে বেঁধে বেধড়ক পেটানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। নিগৃহীতরা জানিয়েছেন, তাদের শুধু গাছে বেঁধেই পেটানো হয়নি, বাধ্য করানো হয়েছে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতেও। খবর আনন্দবাজার পত্রিকার
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গরু নিয়ে অটোরিক্সায় চেপে সিওনি দিয়ে যাচ্ছিলেন এক নারীসহ তিন মুসলিম। বিষয়টি গোরক্ষকদের কানে গেলে তারা তাদের ওপর চড়াও হয়। লাঠি, বাঁশ নিয়ে তাড়া করে অটোরিকশাটিকে। এক পর্যায়ে ধরে ফেলে তাদেরকে। তারপর তাদের গাড়ি থেকে নামিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটানো হয়। পরে তাদের মাটিতে ফেলেও প্রচন্ড মারধর করা হয়। রাস্তায় ভিড় করা উত্সুক জনতা বিষয়টি প্রত্যক্ষ করলেও কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেনি। গোটা ঘটনাটির ভিডিও পরে সামাজিক যোগাযোগ্য মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঘটনাটি গত ২২ মের হলেও গতকাল বিভিন্ন ভারতীয় মিডিয়ায় বিষয়টি ব্যাপক প্রচার পায়। এ ঘটনায় মধ্যপ্রদেশের এআইএমআইএম (অল ইন্ডিয়া মজলিশ ই ইতিহাদুল মুসলিমিন) দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তীব্র নিন্দা জানিয়ে তার এক টুইটে বলেছেন, মোদির ভোটাররা এভাবে মুসলিমদের উপর অত্যাচার আবার শুরু করে দিল। এটাই নতুন ভারতের ছবি।
