বর্ষার নতুন পানি আসার সাথে সাথেই মাছের প্রজনন সময়ে এক শেণীর অসাধু মত্স্যজীবী কারেন্ট, মশারী, কণা ও বেড়জাল দিয়ে মুক্ত জলাশয় থেকে ডিম ওয়ালা মা মাছ অবাধে নিধন করছে।
জানা যায়, জ্যৈষ্ঠ মাসের নতুন পানিতে সব মাছ ডিম ছাড়ে। উপজেলার হাওর , ডোবাগুলোতে এক শ্রেণীর স্বার্থান্বেষী মত্স্যশিকারি ডিমওয়ালা মা মাছ অবাধে নিধন করে স্থানীয় হাট বাজারে
প্রকাশ্যে বিক্রি করছে। স্থানীয় মত্স্য বিভাগ সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ না করে ঢাক - ঢোল পিটিয়ে মত্স্য সপ্তাহ পালন করে দায়িত্ব শেষ করেন। ফলে মত্স্য ভান্ডার নামে খ্যাত এই এলাকার লোকজন সারা বছর মিঠা পানির মাছের আকালে ভোগেন। ফতেপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান মসরু ইয়ার চৌধুরী মিঠা পানির মাছের জন্য বিখ্যাত মদনবাসীর মাছের চাহিদা পূরণের জন্য দু্রত সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে মত্স্য বিভাগের সাথে যোগাযোগ করা হলে নতুন ইউএনও কর্মস্থলে যোগদান করার পর আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
