ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ভুল চিকিত্সায় এক শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ডাক্তার ও রোগীর স্বজনদের সাথে সংঘর্ষের ঘটনায় হাসপাতালের ভেতরে ও বাহিরে ভাংচুরের ঘটনা ঘটেছে । এ সময় একজন ডাক্তার ও নার্সসহ উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে চিকিত্সকরা জরুরী বিভাগ ছাড়া সকল বিভাগে চিকিত্সা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। হাসপাতালের শিশু বিভাগে ২৫ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার সন্ধ্যায় শহরের মাসকান্দা হাইস্কুল রোড এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের পুত্র নিরব (৭)কে ভর্তি করা হয়। গতকাল বুধবার তার
অবস্থার অবনতি হলে হাসপাতালের চিকিত্সক নিরবকে একটি ইনজেকশন দিলে কিছুক্ষণ পর শিশুর মৃত্যু হয়। এ সময় শিশুর সাথে থাকা আত্মীয়-স্বজন উত্তেজিত হয়ে উপস্থিত ডাক্তার ও নার্সদের উপর চড়াও হয়। শিশু মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শত শত লোক এসে হাসপাতালের ভেতরে ও হাসপাতালের বাহিরের রাস্তায় হামলা চালিয়ে বেশক’টি গাড়ি ভাংচুর করে। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএমএ ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ডাঃ মতিউর রহমান ভূঁঞা জানান, রোগীর স্বজনদের হামলায় ডাক্তার মোস্তাফিজুর রহমান ও নার্সসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
