বগুড়ায় নিজ দলের কর্মীর গুলিতে আহত হয়েছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহেদুল কবির উজ্জল (২৮)। মঙ্গলবার বগুড়া শহরের মালতিনগর এমএস ক্লাব মাঠে এ ঘটনা ঘটে। উজ্জল মালতিনগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং শহরের ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবকলীগ কর্মী আরিফের সাথে উজ্জলের বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ওই এলাকায় উজ্জলকে একা পেয়ে আরিফ তাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি করে। এরমধ্যে একটি গুলি উজ্জলের ডান পায়ে বিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়জুর রহমান জানান, আরিফ এবং উজ্জল দু’জন সন্ত্রাসী। আরিফকে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের অভিযান চলছে।
