ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ইভটিজিং-এর দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার চরভদ্রাসনের গাজিরটেক ইউনিয়নের হাজিডাঙ্গী গ্রামের শেখ আলাউদ্দিনের বখাটে পুত্র মোঃ জাহিদ (১৯)কে ইভটিজিং-এর দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান শাহীন। উপজেলার নতুন ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে মোঃ জাহীদ স্কুলে আসা-যাওয়ার সময় প্রায়ই উত্ত্যক্ত করত। এক পর্যায়ে মেয়েটি ছেলেটির ভয়ে স্কুলে আসা বন্ধ করে দেয়। ছেলেটি মেয়েটিকে উত্ত্যক্ত করার কথা স্বীকার করে । মঙ্গলবার মেয়েটিকে উঠিয়ে আনতে গেলে এলাকার লোকজন ছেলেটিকে হাতেনাতে ধরে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সোপর্দ করে।
