সৈয়দপুরে পিআইবি মহাপরিচালকের মতবিনিময়

আপডেট : ১৪ মে ২০১৪, ২২:০২
বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ্ আলমগীর বলেছেন, দেশে কর্মরত সকল সাংবাদিকের ডাইরেক্টরি বের করা হবে। তিনি গতকাল বুধবার নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। এ সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তিনি নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। তিনি বলেন, দেশে অপসাংবাদিকতার দৌরাত্ম্য বেড়েছে। ফলে প্রকাশিতব্য ডাইরেক্টরি তা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ নেবে পিআইবি। তিনি বলেন, ডাটাবেজ তৈরিতে শিগগিরই সাংবাদিকদের নাম আহ্বান করা হবে। এছাড়াও সাংবাদিকদের শৃংখলার মধ্যে আনাতে নানামুখি কর্মসূচি হাতে নেয়া হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক। সহ-সভাপতি এম আর আলম ঝন্টু, সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল, সহ-সম্পাদক এম, ওমর ফারুক, দৈনিক নীলফামারী বার্তার স্টাফ রিপোর্টার এম, এ মোমেন, ইত্তেফাক রিপোর্টার আমিরুজ্জামানসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।