ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট : ১৪ মে ২০১৪, ২২:০৩
আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও ব্রাহ্মণবাড়িয়ায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের ১৪ বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সালামের কন্যা আছমা আক্তার সুমি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার বাবা জীবিত থাকাবস্থায় বিভিন্ন মৌজা ও দাগের ১৪ বিঘা জমি একই গ্রামের আবদুর রহমান ওরফে সাজন মিয়ার ছেলে ইউপি সদস্য ছাদেক মিয়ার কাছে বর্গা দেন। এসময় তারা জমির অর্ধেক ধান পেতেন কিন্তু তার বাবা গত ৮ বছর আগে মৃত্যুবরণ করলে ছাদেক মেম্বার জাল দলিল তৈরি করে জমি দখল করে নেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা ছাদেক মেম্বারের বিরুদ্ধে থানায় ও আদালতে একাধিক মামলা দায়ের করেন। একটি মামলার তদন্তে জাল দলিল তৈরির বিষয়টি প্রমাণিতও হয়। এমনকি তিনি আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমি দখলে রেখেছেন। অভিযুক্ত সাদেক মেম্বার জানান, আছমা আক্তার সুমির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই সম্পত্তি আমি ওয়ারিশ সূত্রে আমার পিতার কাছ থেকে পেয়ে ৩০ বছর ধরে ভোগ-দখল করে আসছি। মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন আমার বিরুদ্ধে প্রায় ১ ডজন মামলা করে আমাকে হয়রানি করে আসছে।