পাকিস্তানে সার্ক সম্মেলনে যাবে না ভারত

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০১:০৬

পাকিস্তানে সার্ক সম্মেলনে অংশ নেবে না ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সার্ক সম্মেলনে যোগদান করার জন্য পাকিস্তানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে ভারত। গতকাল বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ স্পষ্ট জানিয়ে দেন সার্ক (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন) সম্মেলনে ভারত যোগ দেবে না। পাশাপাশি করতারপুর করিডরের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার যে কোনো সম্পর্ক নেই, সে কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুষমা স্বরাজ। খবর আনন্দবাজার পত্রিকার

মঙ্গলবার পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল জানান, সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো হবে। এর ২৪ ঘণ্টাও কাটেনি। গতকাল হায়দরাবাদে সাংবাদিক সম্মেলনে সুষমা বলেন, আমন্ত্রণ এসেছে। কিন্তু তাতে আমরা সাড়া দিচ্ছি না। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে পাকিস্তান মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না। আমরা সার্ক সম্মেলনে যোগ দিচ্ছি না। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পাকিস্তানের নরওয়ালে গতকাল করতারপুর করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভারত থেকে যোগ দিয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল ও হরদীপ সিং পুরি এবং পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত্ সিংহ সিধু।