মহেশপুরে সন্ত্রাস প্রতিরোধে সভা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা\ গতকাল বুধবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের আইন-শৃঙ্খলা উন্নয়ন, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাছিমা খাতুন, মহেশপুর থানার প্রতিনিধি এসআই ফারুক হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, ইউপি সদস্য আব্দুল ওহেদ, নজরুল ইসলাম মাস্টার প্রমুখ।
ফুলবাড়িতে দুইদিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা\ দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী নবাবগঞ্জে গতকাল বুধবার দুইদিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন। এতে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা নূরে আলম সিদ্দিকী, কৃষি কর্মকর্তা আখেরুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম প্রমুখ।
ময়মনসিংহে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম শুরু
ময়মনসিংহ প্রতিনিধি\ গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের উদ্যোগে এলাকাভিত্তিক হতদরিদ্র নারী-পুরুষের অংশগ্রহণে পুষ্টি উদ্যোগ প্রকল্প-নবকলি ও চাইল্ড হেল্থ নাও ক্যাম্পেন নামে দুটি নতুন প্রকল্পের কাজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ.এস.এম আব্দুস সামাদ ও বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. বিরাগ আনন্দ নাথ। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ফিল্ড অপারেশন পরিচালক ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন, এ্যাডভোকেসী পরিচালক চন্দন জেড গোমেজ, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক পিন্টু আরেং, প্রকল্প ব্যবস্থাপক ডা. বুশরা আমেনা, ডা. জয়ন্ত নাথসহ অনেকেই ।
সুন্দরগঞ্জে মাছের রোগ প্রতিরোধ শীর্ষক কর্মশালা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ উপজেলায় মাছের রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। চাষীদের নিয়ে মাছের রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় করণীয় শীর্ষক কর্মশালায় মেসার্স সোনালী কৃষি ঘর এন্ড বীজ ভাণ্ডারের স্বত্বাধিকারী শহিদার রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- দি একমি ল্যাবটেরিজ লিমিটেডের বিভাগীয় মার্কেটিং ব্যবস্থাপক আকরামুল কবির, এক্সকিউটিভ অফিসার, ডাঃ মাজাহারুল মান্নান, এরিয়া ম্যানেজার তারেক আহমেদ, বিক্রয় প্রতিনিধি শাহিন মিয়া প্রমুখ।
মুক্তাগাছায় বড়গ্রাম ইউপির বাজেট ঘোষণা
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ গতকাল বুধবার মুক্তাগাছা উপজেলার ২নং বড়গ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উন্মুক্ত বাজেট ঘোষণায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.এস.এম জাকারিয়া হারুন। বড়গ্রাম ইউ.পি চেয়ারম্যান ছাইফুদ্দিন আহম্মেদ বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইউএনও বাবুল মিয়া, রঘুনাথপুর হাই স্কুল কমিটির সভাপতি গোলাম মোস্তফা, ইউপি সচিব নজরুল ইসলাম, কেয়ার-পপি সৌহার্দ্যর প্রোগ্রাম অফিসার খালেদা খাতুন, ডাঃ নূরুল হক প্রমুখ।
ফুলবাড়িতে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী নবাবগঞ্জের ৪৭৭ জন আদিবাসী শিক্ষার্থীর মাঝে গতকাল বুধবার ৩ লাখ টাকার শিক্ষা বৃত্তির অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা নুরে আলম সিদ্দিকী।
মিরসরাইয়ে বুদ্ধ বর্ষবরণ
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা \ ২৫৫৮ বুদ্ধ বর্ষকে বরণ করতে মায়ানী গৌতম বিহার কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা বের করা হয় গতকাল বুধবার। শোভাযাত্রার উদ্বোধন করেন মায়ানী গৌতম বিহার কমপ্লেক্সের পরিচালক নিজামপুর ভিক্ষু সমিতির সভাপতি শ্রীমত্ জিনালংকার মহাথের। এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মেত্তানন্দ ভিক্ষু, অজয়ানন্দ ভিক্ষু এবং বিহারের শ্রমনবৃন্দ। র্যালি শেষে সমবেত প্রার্থনা, বুদ্ধ পূজা, সীবলী পূজা, পঞ্চশীল গ্রহণ ও ধর্মালোচনা অনুষ্ঠিত হয়।
বিল কপালিয়ার টিআরএম প্রকল্প বাতিলসহ স্লুইসগেট উচ্ছেদের দাবি
যশোর অফিস \ ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে বিল কপালিয়ার অপরিকল্পিত টিআরএম প্রকল্প বাতিলসহ ভবদহ ও ঢাকুরিয়ার স্লুইসগেট উচ্ছেদের দাবি জানিয়েছে ভবদহ জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটি। গতকাল বুধবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংগঠনের আহবায়ক সিরাজুল ইসলাম সরদার বলেন, অপরিকল্পিত টিআরএম প্রকল্প বাতিলসহ ভবদহ ও ঢাকুরিয়ার স্লুইসগেট উচ্ছেদ করে সকল বিলে অবাধ জোয়ার-ভাটা সৃষ্টি, শ্রীনদী-হরিনদীর পানি প্রবাহের সকল প্রতিবন্ধকতা দূর করতে হবে। একইসাথে এ এলাকার সকল নদ-নদী খননও করতে হবে। যাতে জীববৈচিত্র্য ও প্রাণী জীবন ধারণ করতে পারে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
দামুড়হুদা সীমান্তে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা ) সংবাদদাতা \ চুয়াডাঙ্গার দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে হাসিবুল (৩৭) নামের এক বাংলাদেশি আটক করেছে বিএসএফ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। হাসিবুল মুন্সিপুর গ্রামের ধরিখোলা পাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিপুর সীমান্তের ৯২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যায় হাসিবুলসহ ৪ জন বাংলাদেশি। এ সময় ভারতের মহাখোলা ক্যাম্পের বিএসএফ তাদের ধাওয়া করে হাসিবুলকে ধরে নিয়ে যায়। তাকে বেদড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে বিএসএফ। পরে হাসিবুলকে ভারতের চাপড়া থানায় সোপর্দ করেছে বিএসএফ। বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মির্জাপুরে জেলা প্রশাসকের সাথে সুশীল সমাজের মতবিনিময়
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন মির্জাপুর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গতকাল বুধবার পরে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ শহিদুর রহমান সহিদ, ইটভাটা মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মীর শরীফ মাহমুদ,বণিক সমিতির সভাপতি ফারুক হোসেন, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন তালুকদার, ওয়ার্শি ইউনিয়নের চেয়ারম্যান মীর্জা আব্দুল্লাহেল শাফি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিয়াজ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ প্রমুখ।
মহেশপুরে মাদক সম্রাট মিজা খোড়া গ্রেফতার
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ মহেশপুরের মাদক সম্রাট মিজা খোড়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের সময় মাদক ক্রেতা সেজে সাদা পোশাকে ডিবি পুলিশ খালিশপুর গ্রামের মৃত তাহার গাজীর ছেলে মিজা খোড়াকে নিজ বাড়ি থেকে ফেনসিডিলসহ গ্রেফতার করে। জানা গেছে, ডিবি পুলিশের একটি টহল দল ঢাকা মেট্রো গ ১৩-৩৪৮৯ নম্বরের একটি মাইক্রো যোগে তাকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে মহেশপুর থানার ওসি শাহাজান আলী জানায়, এ বিষয়টি তার নলেজে নেই। এদিকে ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি তাক্ষণিকভাবে বিষয়টি জানাতে পারেনি।
ভাঙ্গুড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সেমিনার
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা \ গতকাল বুধবার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নারী ও শিশু প্রতিরোধ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক-এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন,শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান,যুব উন্নয়ন অফিসার শেখ শাহজাহান আকবর,প্রেসক্লাব সভাপতি মাহবুব-উল-আলম বাবলু, এনডিপির ব্যবস্থাপক ফারুক হোসেন ও টেকনিক্যাল অফিসার রনজিতা রানী, একতা দলের কিশোরী সদস্য হাফিজা খাতুন,নারী সদস্য তাসলিমা খাতুন ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্য আব্দুল হাই। বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপির আর্থিক সহায়তায় এই সেমিনারের আয়োজন করে ভাঙ্গুড়া উপজেলা মহিলা অধিদপ্তর।
সদরপুরে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুর থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা গতকাল বুধবার থানার অফিসার ইনচার্জ রামপ্রসাদ ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মোঃ জামিল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন, সহকারী পুলিশ সুপার মোঃ শামসুল হক, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বিল¬াল হোসেন ফকির। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমনিরহাটে উত্তর বাংলা কলেজে মতবিনিময় সভা
লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল বুধবার সকালে লালমনিরহাট জেলার কাকিনার উত্তর বাংলা কলেজের গুরুনানক লাইব্রেরি মিলনায়তনে ইংরেজি ও তথ্য-প্রযুক্তি শিক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এ এস এম মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও স্কটল্যান্ড প্রবাসী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হক। এতে বক্তব্য রাখেন ইংলিশ টিচিং ইনহ্যান্সমেন্ট প্রজেক্টের ডাইরেক্টর (ভলান্টারি) আইরিন গ্রাহাম। কলেজ প্রতিষ্ঠাতা ড. মোজাম্মেল হক বলেন, স্কটল্যান্ড থেকে প্রতিবছর তিনবার ২ জন করে ৬ জন ভলান্টারি শিক্ষক কলেজে এসে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষণ দিবেন।
ঠাকুরগাঁও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের র্যালি
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও পৌরসভা ও ইএসডিও’র যৌথ উদ্যোগে বাস্তবায়িতব্য টেকসই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। পরে সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফয়সল মাহমুদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, পৌর মেয়র এসএমএ মঈন, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, সরকারি কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া মন্ডল, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার ঘোষ প্রমুখ।
পুঠিয়ায় ডিজিটাল মেলা অনুষ্ঠিত
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা\ রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন চৌধুরী বলেছেন, সকলের আন্তরিক প্রচেষ্টা থাকলে নির্ধারিত সময়ের পূর্বেই সরকারের ভিশন-২০২১ বাস্তবায়ন সম্ভব। পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী উপজেলা ডিজিটাল মেলার উদ্বোধনকালে গতকাল বুধবার দুপুরে তিনি একথা বলেন। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, শিলমাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ।
কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের সাথে মতবিনিময়
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা\ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয় গতকাল বুধবার। উপজেলা শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মনির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দ্বিলীপ চন্দ্র দাস, ওসমান গনি ও আব্দুর রহিম।
খালিয়াজুরীতে গণনাটক ‘মুক্তি চাই’ মঞ্চায়ন
খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি \ জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের শশি মনের বাড়িতে গতকাল বুধবার গণনাটক মুক্তি চাই মঞ্চায়ন হয়েছে। স্বাবলম্বী উন্নয়ন সমিতির উন্নয়নের জন্য যোগাযোগ কর্মসূচির উদ্যোগে এ নাটক পরিবেশিত হয়। নাটকে অভিনয় করেন- প্রশিক্ষিত নাট্যশিল্পী নয়ন, মোহন, আবুল হোসেন, উজ্জল, মনি, মানসুরা, মিশুক, বিপ্লবসহ সংগঠনের শিল্পীরা। গ্রামের শিশু-কিশোরসহ নানা বয়সী অসংখ্য নারী-পুরুষ নাটকটি উপভোগ করেন। প্রকল্পের ইউনিয়ন কো-অর্ডিনেটর মহসিন মিয়া জানান, হাওর এলাকায় অল্প বয়সে কন্যা শিশুদের বিয়ে দিয়ে দেয়া হয়। ১৮ বছরের নীচে যাতে বিয়ে না দেয়া হয় এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই নাটকের লক্ষ্য।
নবীনগরে মাদক সম্রাটদের বিরুদ্ধে আবেদন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌরসদর ভোলাচং চৌধুরীপাড়া এলাকাটি মাদকসেবী ও ব্যবসায়ীদের একটি নিরাপদ অভয়াশ্রম। সরকার দলীয় স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকা এ মাদক অভয়াশ্রমের নিয়ন্ত্রক মাদক সম্রাট বাছির মিয়া ও তার স্ত্রী মনোয়ারা খাতুন দীর্ঘদিন যাবত্ এ অঞ্চলে দাপটের সাথে মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রক আইনে একাধিক মামলা থাকা সত্বেও প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকায় পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে এলাকাবাসীর পক্ষে মোঃ মজিবুর রহমান যুব ও ছাত্রসমাজকে রক্ষা করতে গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অবেদন করেন। নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী বলেন, তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মীর্জাগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠিত
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মীর্জাগঞ্জ উপজেলা কমান্ডের ১১ সদস্য বিশিষ্ট কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সকল পদে একক প্রার্থী থাকায় এতে কমান্ডার পদে মোঃ ওয়াজেদ আলী মিয়া এবং ডেপুটি কমান্ডার পদে আঃ আজিজ মৃধাসহ নির্বাচিত ১১ সদস্যের সকল পদের নাম গতকাল বুধবার বেসরকারিভাবে ঘোষণা করেন উপজেলা রিটার্নিং অফিসার ইউএনও মোহাম্মদ আবু সাঈদ মোল্লা।
মহাদেবপুরে মুণ্ডা সম্প্রদায় নিয়ে কারিতাসের কর্মশালা
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মহাদেবপুরে গতকাল বুধবার কারিতাস স্পেন এর আর্থিক সহযোগিতায় বেসরকারি মানবাধিকার ও উন্নয়ন সংগঠন কারিতাসের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মুন্ডা সম্প্রদায়ের সামাজিক সংগঠনের উপবিধি প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্য রাখেন সবিন মুন্ডা, সুরেশ তমগারিয়া, সুশেন রুখি, বিশ্বনাথ হরদুয়ার, কারিতাসের সিডিও ফুলজেনসিউন মারান্ডি, হোসান্না হাঁসদা প্রমুখ।
টাঙ্গাইলে ছাত্রদলের মিছিল সমাবেশ
টাঙ্গাইল প্রতিনিধি \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিল বের হয়ে নিরালা মোড় ও ভিক্টোরিয়া রোড ঘুরে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের জেলা সভাপতি রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়ায় বিএডিসি’র গভীর নলকূপ স্থাপন কর্মসূচি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ সেচের মাধ্যমে চাষাবাদ করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ১৮টি গভীর নলকূপ স্থাপন করছে। ইতিমধ্যেই ১১টি নলকূপের খনন কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট নলকূপগুলোর খনন কাজ আগামী জুন মাসনাগাদ শেষ হবে । নলকূপগুলোর মধ্যে রয়েছে বিজয়নগর উপজেলায় ১০টি, নবীনগর উপজেলায় ৪টি, নাসিরনগর উপজেলায় ২টি, সরাইল উপজেলায় ১টি ও সদর উপজেলায় ১টি। প্রতিটি নলকূপে পাম্প হাউজ ও ভূ-গর্ভস্থ সেচ নালা নির্মাণ করা হবে।
কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কিশোরগঞ্জ প্রতিনিধি \ নারী উদ্যোগ কেন্দ্র (নউক) পরিচালিত কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার কিশোরগঞ্জ শহরে এক র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী। র্যালি শেষে নউক কার্যালয় প্রাঙ্গণে নাটক পরিবেশিত হয়। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মৃণাল কান্তি পণ্ডিত। পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
হোমনায় পূজা উদযাপন পরিষদের অনুদান বিতরণ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলার বাগশিতারামপুর গ্রামের ক্ষতিগ্রস্ত জেলে পাড়ার বাসিন্দাদের মাঝে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিভিন্ন অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিতরণকৃত অনুদানের মধ্যে রয়েছে ৪২ বস্তা চাল, ৮৪ কেজি ডাল, ৪২ কেজি লবণ ও ৫১টি শাড়ি। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) স্বপন মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি চন্দন লাল রায়, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা, দিলীপ কুমার, উজ্জল পোদ্দার, বিনা রানী দেবী, বিষ্ণু লাল পোদ্দার ও স্থানীয় ইউপি সদস্য নাইম মোল্লা প্রমুখ।
উলিপুরে সাথী ধান কর্তন উপলক্ষে সভা
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় দুর্গাপুর ব্লকে হাইব্রিড সাথী ধান কর্তন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুর্গাপুর ব্র্যাক শাখা অফিস চত্বরে ব্র্যাকের উপজেলা কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি ব্যবস্থাপক নেওয়াজ শরীফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আমিনুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, দুর্গাপুর ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য কোহিনুর বেগম, উপ-সহকারী কৃষি অফিসার রবিউল আলম, টেকনিক্যাল এ্যাসিসটেন্ট আনন্দ কুমার মজুমদার প্রমুখ।
নাসিরনগরে শস্য কর্তন অনুষ্ঠান
নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাঠ দিবস উদযাপন উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে গতকাল বুধবার নাসিরনগর সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামে মোঃ জহির ভুইয়ার জমিতে ব্রি -ধান ২৯ শস্য কর্তন অনুষ্ঠানে মোঃ জহির ভুইয়ার জমিতে ব্রি -ধান ২৯ কেটে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মরুিজ্জামান সরকার। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ হোসেন, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, পিপিএম অলিউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোলায়মান মিয়াসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লালপুরে দুই ছাত্রীকে উত্যক্ত করায় বিষপান, এক ছাত্রীর মৃত্যু
লালপুর (নাটোর) সংবাদদাতা \ নাটোরের লালপুর উপজেলার মানিকহার গ্রামে গত মঙ্গলবার রাতে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই স্কুলছাত্রী বিষপান করলে একজন মারা যায়। তারা দুইজনে বরমহাটি স্কুলের ৭ম ও ৮ম শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্র জানায়, গত রবিবার দুপুরে তারা স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভবানীপুর গ্রামের কাবিলউদ্দিনের পুত্র শিশির ও কালুপাড়া ইয়ার কলোনীর গফুর আলীর পুত্র ফরহাদ তাদেরকে উত্ত্যক্ত করে। এতে একজনের মামা প্রতিবাদ করলে পরেরদিন সোমবার শিশির ও ফরহাদসহ কয়েকজন মিলে সেন্টু ও তার ভাই রাজুকে মারধর করে। এ ঘটনা জানার পর এক ছাত্রীর মা তাকে বকাবকি করলে মঙ্গলবার বিকালে দুই ছাত্রী কীটনাশক পান করে। তাদেরকে লালপুর হাসপাতালে ভর্তি করা হলে রাতে একজনের মৃত্যু হয়। এ ব্যাপারে লালপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
