এবার বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ভারত ও স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু বিশ্বকাপের অনুশীলন ম্যাচে দুই দলই গতকাল পরাজয় দিয়ে যাত্রা শুরু করলো। নিউজিল্যান্ডের বিপক্ষে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়া ভারত হেরেছে ৬ উইকেটে। আর দিনের অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচ ১২ রানে হেরেছে ইংল্যান্ড।
লন্ডনে আগে ব্যাট করতে নেমে ভারত মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ট্রেন্ট বোল্টের সুইং বোলিংয়ে ৯১ রানে হারিয়ে ফেলে তারা ৭ উইকেট। শেষ দিকে রবীন্দ্র জাদেজা ৫৪ রান করে মান বাঁচানোর চেষ্টা করেন। তারপরও ভারত ৩৯.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়। বোল্ট ৩৩ রানে ৪ উইকেট নেন।
জবাবে ৩৭ রানে ২ উইকেট হারিয়েছিলো নিউজিল্যান্ড। কিন্তু অধিনায়ক কেন উইলিয়ামসনের ৬৭ ও রস টেলরের ৭১ রানে সহজ জয় পায় তারা। সাউদাম্পটনে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৯৭ রান তোলে। সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ১১৬ রান করেন এবং তার সময়ের সহঅধিনায়ক ওয়ার্নার ৪৩ রান করেন। লিয়াম প্লাঙ্কেট ৪ উইকেট নেন। জবাবে ভিন্সের ৬৪, জস বাটলারের ৫২ ও ওকসের ৪০ রানে কাছাকাছি গিয়েছিলো ইংল্যান্ড। কিন্তু অলআউট হয়ে যায় তারা ২৮৫ রানে।
