রামেকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

আপডেট : ১৫ মে ২০১৪, ০০:০৪
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানীয় সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত, হাসপাতালের অভ্যন্তরে লাগানো সাংবাদিক বিরোধী কুরুচিপূর্ণ পোস্টার অপসারণের দাবিতে হাসপাতাল পরিচালককে স্মারকলিপি দিয়েছে সাংবাদিকরা। স্মারকলিপিতে সাংবাদিকদের ওপর হামলা ও চিকিত্সা প্রদানে অস্বীকৃতি জানানো ইন্টার্নি ডাক্তারদের গ্রেফতার ও সনদ প্রত্যাহারে দাবি জানানো হয়। রাজশাহী সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ গতকাল বুধবার সকালে রামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাত্ করে এ স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, ইন্টার্নি চিকিত্সকদের হামলার ঘটনার পর হাসপাতাল জুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে নানা অপপ্রচার প্রতিরোধে কার্যকর ভূমিকা গ্রহণ এবং নির্বিঘ্নে সংবাদ সংগ্রহের পরিবেশ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলাকারী এবং সাংবাদিকদের চিকিত্সা দিতে অপারগতা প্রকাশকারী ইন্টার্নি চিকিত্সকদের বিরুদ্ধে আইনগত ও একাডেমিক ব্যবস্থা নিতে হবে। এদিকে গতকাল সকাল ১১টার দিকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমানের সাথে সাক্ষাত্ করে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি ছায়েদুর রহমানকে প্রত্যাহার এবং সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ইন্টার্নি চিকিত্সকদের গ্রেফতারের দাবি জানান। সাংবাদিকদের মধ্যে নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক শ ম সাজু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাসান মিল্লাত, সদস্য সচিব মামুন অর রশিদ, রফিকুল ইসলাম, আবু সালেহ মো. ফাত্তাহ, আজিজুল ইসলাম, সুমন হাসান, ফরিদ আক্তার পরাগ, আসাদুজ্জামান আসাদ, জাবীদ অপু, আহসান হাবীব অপু, স্মরণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।