আর্জেন্টিনায় সৌদি যুবরাজ, অংশ নেবেন জি-২০ সম্মেলনে

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০১:০৬

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আর্জেন্টিনায় পৌছেছেন। তিনি শিল্পোন্নত দেশগুলোর সংস্থা জি-২০ সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে। যদিও সৌদি আরব নিশ্চিত করে কিছু জানায়নি। গতকাল তিউনিশিয়া থেকে আর্জেন্টিনায় পৌছান সৌদি যুবরাজ। খবর রয়টার্স ও ব্লুমবার্গের

ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাংবাদিক জামাল খাশোগির হত্যাকান্ডে যুবরাজের সংশ্লিষ্টতা নিয়ে যখন বিশ্ব গণমাধ্যমে সমালোচনা হচ্ছে তখন তার বিশ্ব নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত সম্মেলনে সম্ভাব্য অংশগ্রহণ তাত্পর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ গত সোমবার আর্জেন্টিনাকে সংবিধানে মানবতাবিরোধী অপরাধের ধারা যুক্ত করার আহবান জানিয়েছে। এর মাধ্যমে দেশটি ইয়েমেন যুদ্ধে এবং সাংবাদিক হত্যার ঘটনায় সৌদি যুবরাজ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত করতে পারবে। তবে আর্জেন্টিনার কর্মকর্তারা জানিয়েছেন, এখনো বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করতে পারেন। একটি সূত্র এই তথ্য জানিয়েছে। তবে ক্রেমলিন এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সৌদি আরব এখনো নিশ্চিত করেনি যে, ২৯ নভেম্বর থেকে পহেলা ডিসেম্বরের জি-২০ সম্মেলনে যুবরাজ বিন সালমান অংশ নেবেন।