‘সবার জন্য ল্যাপটপ’ স্লোগান নিয়ে গতকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের ল্যাপটপ মেলা। দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি পণ্য প্রস্তুতকারক কোম্পানির ল্যাপটপ ও আনুষাঙ্গিক প্রযুক্তি পণ্যের উপস্থিতিতে প্রথম দিনেই আগ্রহ ছিল ক্রেতা-দর্শনার্থীদের। গতকাল এই মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন, এইচপি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া, মেলার অন্যতম পৃষ্ঠপোষক টেকশহরডটকমের প্রতিনিধি আল আমীন দেওয়ান, মেলার সহযোগী বাংলাদেশ কমিপউটার সমিতির (বিসিএস) মহাসচিব নজরুল ইসলাম মিলন ও মেলার আয়োজক এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও মেলার প্রথম দিনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের ‘ফ্রিল্যান্স আউটসোর্সিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এবারের মেলায় ২৮টি স্টল ও ১৯টি প্যাভিলিয়নে দেশি-বিদেশি প্রযুক্তি পণ্য নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা উপলক্ষে রয়েছে বিভিন্ন পণ্যে মূল্যছাড় ও উপহার। www.facebook.com/laptopfair.bd পেজে মেলার খবর পাওয়া যাবে। মেলা চলছে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত।
