নরসিংদীতে লটকনের আশাতীত ফলন

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:৩৮
নরসিংদীর বেলাব উপজেলাসহ শিবপুর ও মনোহরদীতে লটকনের বাম্পার ফলনে চাষীদের মুখে হাসি ফুটেছে। উপজেলার আমলাব, উজিলাব, বটেশ্বর, লাখপুর, উজিলার, ওয়ারীসহ আশপাশের গ্রামগুলোতে ও শিবপুর উপজেলার যোশর, জয়নগর, আজকিতলা, কুমারটেক মরজাল গ্রামে লটকনের এবার বাম্পার ফলন । উজিলাব গ্রামের লটকন চাষী আ. বাতেন ভুঁইয়ার ২ বিঘা জমিতে, রাজারবাগ গ্রামের লটকন চাষী মো. সুহেলের ২১০টি, জয়নগর গ্রামের উত্তম কুমার দেবনাথের ১০০টি, বাঘাব ইউনিয়নের আ. হাই মিয়ার ৯০টি গাছ রয়েছে। লটকন চাষীরা জানান, এ এলাকার লটকন দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আবহাওয়া অনুকূলে থাকলে এবং দাম বেশি হলে গত বছরের তুলনায় এবার তারা বেশি লাভ করতে পারবেন বলে জানান। শিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হানিফ সিকদার জানান, উপজেলার প্রায় ৫০০ হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। অন্য ফসলের চেয়ে লটকন চাষে বেশি লাভ হওয়ায় এখানকার কৃষক, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ সকল পেশার মানুষ লটকন চাষে ঝুঁকছে।